রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃ’ত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১৬, ২০২৬, ০৪:৩৭ পিএম

দেশে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃ’ত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত রোগীসহ মোট ১ হাজার ১৪২ জন নতুন রোগী পাওয়া গেছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।গত ১৫ মার্চ থেকে দেশে এই রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫৭ জনে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন রোগীদের মধ্যে ১ হাজার ৬ জন সন্দেহজনক হামের উপসর্গে ভুগছেন এবং বাকি ১৩৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে। গত তিন মাসে মোট আক্রান্তদের মধ্যে ৯৩ শিশুর নিশ্চিত হামে এবং ৫৬৪ শিশুর মৃত্যু হয়েছে এই রোগের বিভিন্ন জটিল উপসর্গে। এই সময়ে সন্দেহজনক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ হাজার ৪০৫ জন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ হাজার ৭৮২ জন। 

গত ১৫ মার্চ থেকে ১৬ জুন সকাল ৮টা পর্যন্ত দেশে সর্বমোট ৮৭ হাজার ৯২৯ জন সন্দেহজনক এবং ১০ হাজার ৫২৩ জন নিশ্চিত রোগী পাওয়া গেছে।সর্বশেষ মারা যাওয়া শিশুটি খুলনা বিভাগের বাসিন্দা বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ৪০৭ জন রোগী ঢাকা বিভাগে পাওয়া গেছে, যাদের মধ্যে ৬৫ জনের নিশ্চিত হাম শনাক্ত করা হয়। বিভাগওয়ারী মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি ২৯৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে যার মধ্যে ৫৭ জনের নিশ্চিত হাম ছিল।

এর পরেই রয়েছে রাজশাহী বিভাগে ৮৯ জন, সিলেটে ৭০ জন, চট্টগ্রাম ও বরিশালে ৫৭ জন করে এবং ময়মনসিংহে ৫৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা বিভাগে ২৬ জন এবং রংপুর বিভাগে ৮ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।