মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬,
স্বাস্থ্যসেবায় কঠোর সিদ্ধান্ত

সরকারি হাসপাতালের সামনে ক্লিনিক বন্ধের নির্দেশ মন্ত্রীর

স্বাস্থ্য ডেস্ক

সেপ্টেম্বর ২২, ২০২৬, ০৪:৪৭ পিএম

সরকারি হাসপাতালের সামনে ক্লিনিক বন্ধের নির্দেশ মন্ত্রীর

সরকারি হাসপাতালের সামনে নতুন করে কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না। বিগত সরকারের আমলে নিয়ম না মেনে যত্রতত্র এসব প্রতিষ্ঠানের অনুমোদন দেওয়া হয়েছিল। বর্তমান সরকার স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে এই কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি যেসব প্রতিষ্ঠানের অনুমোদন রয়েছে, তারা মানসম্মত সেবা দিতে ব্যর্থ হলে লাইসেন্স বাতিল করে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে আকস্মিক মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে স্বাস্থ্যসেবার মান বাড়াতে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, আগামী অক্টোবর মাস থেকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীত করার আনুষ্ঠানিক কাজ শুরু হবে। আগামী দুই বছরের মধ্যে এই স্বাস্থ্য কমপ্লেক্সে একসঙ্গে ১০ জন রোগীকে ডায়ালাইসিস সেবা দেওয়ার উপযোগী অবকাঠামো গড়ে তোলা হবে। একই সময়ের মধ্যে আধুনিক প্যাথলজি ল্যাবরেটরি স্থাপন এবং নারী ও পুরুষের জন্য পৃথক ফিজিওথেরাপি সেন্টার চালুর প্রতিশ্রুতি দেন তিনি।

হাসপাতাল পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। এ ছাড়া গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. নুসরাত ফারজানা খান উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন, উপজেলা বিএনপির সদস্য মোতাহের হোসেন জাহাঙ্গীর এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম তারেকসহ দলীয় নেতাকর্মীরা।