অক্টোবর ৪, ২০২৬, ১২:৫৮ পিএম
দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশের মানুষের গড় আয়ু এখন উল্লেখযোগ্যভাবে বেশি। জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ শুমারিতে এই তুলনামূলক চিত্র উঠে এসেছে। গত শুক্রবার প্রকাশিত এই প্রতিবেদনে ২০০০ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন দেশের মানুষের গড় আয়ু, সুস্থ গড় আয়ু, মৃত্যুর কারণ এবং সামগ্রিক রোগের বিস্তার বিশ্লেষণ করা হয়।
সংস্থাটির সর্বশেষ উপাত্তে বাংলাদেশ আঞ্চলিক সূচকে এগিয়ে রয়েছে। প্রকাশিত শুমারির হিসাব অনুযায়ী, ২০২৩ সালে ভারতীয় নাগরিকদের গড় আয়ু দাঁড়িয়েছিল ৭১ বছরে। একই সময়ে পাকিস্তানি নাগরিকদের গড় আয়ু ছিল ৬৮ দশমিক ২ বছর। বিপরীতে বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭২ দশমিক ৭ বছরে। তবে উন্নত বিশ্বের তুলনায় এই অঞ্চলের ব্যবধান এখনো অনেক বেশি। যুক্তরাষ্ট্রে নাগরিকদের গড় আয়ু ৭৮ দশমিক ৫ বছর এবং কানাডায় গড় আয়ু নথিভুক্ত হয়েছে ৮১ দশমিক ৪ বছর।
প্রতিবেদনে বিশেষভাবে সতর্ক করা হয়েছে যে বেশি দিন বাঁচার অর্থই সুস্বাস্থ্যের সঙ্গে জীবন অতিবাহিত করা নয়। উদাহরণ হিসেবে তুলে ধরা হয় ভারতের চিত্র, যেখানে ২০২৩ সালে সুস্থ গড় আয়ু ছিল ৬০ দশমিক ৬ বছর, যা ২০১৯ সালে ছিল ৬০ দশমিক ৫ বছর। মাঝে ২০২১ সালে মহামারি ও নানা কারণে ভারতে সুস্থ গড় আয়ু কমে ৫৮ দশমিক ৪ বছরে নেমে এসেছিল, যা পরে ২০২২ সালে কিছুটা বেড়ে ৬০ দশমিক ২ বছরে দাঁড়ায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেটা বিভাগের প্রধান অ্যালাইন ল্যাবরিক এই পরিসংখ্যান পর্যালোচনার সময় উল্লেখ করেন, জনস্বাস্থ্যের ক্ষেত্রে গড় আয়ু বৃদ্ধি পাওয়া নিঃসন্দেহে একটি বড় অর্জন। তবে বর্তমান ও ভবিষ্যতের প্রধান চ্যালেঞ্জ হলো মানুষ যাতে কেবল দীর্ঘজীবীই না হয়, বরং একটি সুস্থ ও রোগমুক্ত শরীর নিয়ে বেঁচে থাকতে পারে তা নিশ্চিত করা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন