রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৩৭৪ জন

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৪, ২০২৫, ০৭:৪১ পিএম

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৩৭৪ জন

ছবি - সংগৃহীত

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ যেন কিছুতেই কমছে না। দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার, ০৪ অক্টোবর পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৩৭৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, নতুন আক্রান্তদের মধ্যে সর্বাধিক ১০২ জন রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে। একই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৬ জন, বরিশাল বিভাগে ৬৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৮ জন, ঢাকা বিভাগে ৬৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং রাজশাহী বিভাগে ১১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে শুক্রবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ২০২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৯৫ জন মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এছাড়া, বরিশাল বিভাগে ৩২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ১০ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ৫ জন এবং ঢাকা বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গুর প্রবণতা এখন বছরজুড়ে দেখা যাচ্ছে এবং বৃষ্টি শুরু হলেই এর প্রকোপ বাড়ে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিবারক ওষুধ ব্যবহারের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে। অন্যদিকে

কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী মনে করেন, কেবল জেল-জরিমানা ও জনসচেতনতা বাড়িয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এর জন্য সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।প্রসঙ্গত, দেশে এক বছরে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল ২০২৩ সালে।