রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চিয়া সিড কখন খেলে সবচেয়ে বেশি উপকার?

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৯, ২০২৫, ০৭:১০ পিএম

চিয়া সিড কখন খেলে সবচেয়ে বেশি উপকার?

ছবি - সংগৃহীত

আধুনিক স্বাস্থ্যসচেতন মানুষের কাছে ‘সুপারফুড’ হিসেবে পরিচিত একটি নাম হলো চিয়া সিড বা চিয়া বীজ। এই ক্ষুদ্র দানায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট। নিয়মিত এটি খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে, ত্বক উজ্জ্বল হয় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তবে, এই সুপারফুড থেকে সঠিক উপকার পেতে হলে এটি সঠিক সময়ে ও সঠিক নিয়মে খাওয়া অত্যন্ত জরুরি।

পুষ্টিবিদদের মতে, চিয়া সিড খাওয়ার সবচেয়ে ভালো সময় হলো সকালে, বিশেষ করে ওয়ার্কআউট বা ব্যায়াম করার ৩০ থেকে ৪৫ মিনিট আগে। এক টেবিল চামচ চিয়া বীজ এক গ্লাস পানিতে অন্তত ২০ মিনিট ভিজিয়ে রাখলে এটি এক ধরনের জেলের মতো তৈরি করে। এই মিশ্রণটি ওয়ার্কআউটের আগে পান করলে তা শরীরকে দীর্ঘসময় ধরে শক্তি জোগায়, পেশির ক্লান্তি দূর করে এবং শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে।

এতে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে ধীর করে, ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং সারাদিনের কাজের জন্য শক্তি সঞ্চিত থাকে।চিয়া সিড খাওয়ার যেমন সঠিক সময় আছে, তেমনি একটি ভুল সময়ও রয়েছে। বিশেষজ্ঞদের মতে, রাতে ঘুমানোর ঠিক আগে চিয়া সিড খাওয়া উচিত নয়। কারণ এর উচ্চ ফাইবার উপাদান রাতে হজমের সমস্যা বা পেট ফাঁপার কারণ হতে পারে।

তাই, চিয়া সিডের সর্বোচ্চ উপকার পেতে, এটি প্রতিদিন সকালে বা ব্যায়ামের আগে পানিতে ভিজিয়ে পান করার অভ্যাস করুন। স্বাদের জন্য এর সঙ্গে সামান্য লেবুর রস বা মধুও যোগ করে নিতে পারেন।