শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

টেলিফোন কল করার সুবিধা নিয়ে এল মেটার এআই এজেন্ট মিউজ

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৬, ০৬:০৯ এএম

টেলিফোন কল করার সুবিধা নিয়ে এল মেটার এআই এজেন্ট মিউজ

মেটার এআই এজেন্ট মিউজ এখন থেকে ব্যবহারকারীর পক্ষে ফোন কল করতে পারবে।

প্রযুক্তি জায়ান্ট মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্ট মিউজে যুক্ত হয়েছে নতুন একটি যুগান্তকারী সুবিধা। এখন থেকে এই এআই এজেন্ট ব্যবহারকারীর পক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে সরাসরি ফোন কল করতে পারবে। এর ফলে দৈনন্দিন জীবনের নানা বিরক্তিকর ও সময় সাপেক্ষ ফোন কল নিজে না করে মিউজের মাধ্যমে সম্পন্ন করা সম্ভব হবে। মেটার প্রধান এআই কর্মকর্তা আলেকজান্ডার ওয়াং সম্প্রতি এই নতুন ফিচারটির আপডেট প্রকাশ করেছেন।

নতুন এই সুবিধার আওতায় ব্যবহারকারীরা খুব সহজেই বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে ফোন করার কাজটি এআই এজেন্টের ওপর ছেড়ে দিতে পারবেন। রেস্তোরাঁয় টেবিল বুকিং দেওয়া, অ্যাপয়েন্টমেন্ট সময়সূচি নির্ধারণ করা কিংবা যেসব ফোন কল করতে ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যবোধ করেন না, সেই কাজগুলো নিখুঁতভাবে করতে পারবে মিউজ। সাধারণ কাজের পাশাপাশি এই এআই এজেন্ট লাইনে দীর্ঘক্ষণ অপেক্ষা করতেও সম্পূর্ণ সক্ষম।

ইতিমধ্যে যারা ফিচারটি ব্যবহার করার সুযোগ পেয়েছেন, তারা এর কার্যকারিতা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। পরীক্ষামূলক একটি কার্যক্রমে দেখা গেছে, মিউজ একটি গাড়ি বিক্রয় প্রতিষ্ঠানে ফোন করে পরবর্তী উপলব্ধ অ্যাপয়েন্টমেন্টের সময় জানতে প্রায় পনেরো মিনিট লাইনে অপেক্ষা করেছিল। কোনো রকম মানবিক হস্তক্ষেপ ছাড়াই এআই এজেন্টটি সফলভাবে পুরো কাজটি সম্পন্ন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে দেয়।

তবে এই সুবিধাটি উপভোগ করার জন্য ব্যবহারকারীদের সাধারণ সাবস্ক্রিপশনের বাইরে আলাদা একটি পেইড সাবস্ক্রিপশন নিতে হবে। বর্তমানে অর্থ প্রদানকারী সাবস্ক্রাইবাররাই কেবল এই ফোন কল করার ফিচারটি ব্যবহার করতে পারছেন। এছাড়া মিউজের কার্যক্ষমতা আরও বাড়াতে মেটা এর আগে এআই এজেন্টের জন্য আলাদা একটি ইমেল ঠিকানা ব্যবহারের সুযোগও চালু করেছে, যা ব্যবহার করে গুরুত্বপূর্ণ ইমেলের সঙ্গে এআইকে যুক্ত করা যায়।

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে ব্যবহারকারীর পক্ষে ফোন কল করার প্রযুক্তি এটিই প্রথম নয়। এর আগে গুগলের পিক্সেল ফোনের জন্য কল করার সুবিধা এবং অন্য কিছু প্রতিষ্ঠানও এ ধরনের এআই কনসিয়ার্জ ফিচার নিয়ে কাজ করেছে। তবে মেটার এই জনপ্রিয় এআই এজেন্ট মিউজ ইতোমধ্যেই দশ মিলিয়নের বেশি ব্যবহারকারী অর্জন করেছে এবং সাধারণ মানুষের দৈনন্দিন কাজ সহজ করার লক্ষে ধারাবাহিকভাবে নতুন ফিচার যুক্ত করে চলেছে।