আগস্ট ২১, ২০২৬, ১১:১৪ এএম
রাজধানীর যানজট নিয়ন্ত্রণ এবং সড়কে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ক্যামেরার পর এবার ড্রোন সার্ভিলেন্স চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরীক্ষামূলকভাবে প্রাথমিক পর্যায়ে একটি ড্রোনের মাধ্যমে গুরুত্বপূর্ণ সড়ক ও যানজটপ্রবণ এলাকায় রিয়েল টাইম তথ্য সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত, সতর্কবার্তা প্রদান এবং পরবর্তীতে স্বয়ংক্রিয় নম্বর প্লেট রিডার প্রযুক্তি যুক্ত করে ভিডিও মামলা দায়েরের সুযোগ থাকবে।
ড্রোন ব্যবহারের মাধ্যমে ট্রাফিক আইন অমান্যকারীদের চিহ্নিত করা সহজ হবে।ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান জানান, ড্রোন সার্ভিলেন্স ব্যবস্থা বিশ্বের অনেক দেশে চালু থাকলেও এটি বাংলাদেশের জন্য সম্পূর্ণ নতুন একটি ধারণা। তিনি বলেন, অনেক সময় ফ্লাইওভার বা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সৃষ্ট যানজটের সঠিক কারণ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। ড্রোন সার্ভিলেন্স চালুর মাধ্যমে তাৎক্ষণিক রিয়েল টাইম তথ্য পাওয়া সম্ভব হবে, যা পুলিশকে দ্রুত নির্দেশনা দিতে সহায়তা করবে। এই ড্রোনে বিশেষ ভয়েস সিস্টেম থাকবে, যার মাধ্যমে আইন অমান্যকারীদের সরাসরি সতর্কবার্তা দেওয়া সম্ভব হবে।
বাসচালকদের প্রতিযোগিতামূলক মনোভাবের কারণে রাজধানীতে যানজটের অন্যতম কারণ তৈরি হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। নির্দিষ্ট স্টপেজে যাত্রী না তুলে যেখানে সেখানে বাস থামানোর প্রবণতা দূর করতে বাস রুট রেশনালাইজেশন ও ই-টিকিটিং ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন তিনি। ড্রোন পরিচালনার কারিগরি দক্ষতার জন্য পুলিশের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইতোমধ্যে তেজগাঁও বিভাগের একটি দল প্রশিক্ষণ সম্পন্ন করেছে এবং উত্তরা বিভাগের সদস্যদের জন্য প্রশিক্ষণের পরবর্তী ধাপ শুরু হবে।
প্রাথমিকভাবে ১৫টি ট্রাফিক সিগন্যাল এআই প্রযুক্তির আওতায় আনা হয়েছে এবং ড্রোনের ক্ষেত্রেও সময়সাপেক্ষ পরীক্ষা-নিরীক্ষা চলছে। আনিছুর রহমান বলেন, কোনো নতুন ব্যবস্থা চালুর আগে আমরা তার কার্যকারিতা যাচাই করে নিই। কোনো নেতিবাচক দিক পাওয়া গেলে তা পরিহার করা হবে। মামলা দেওয়ার চেয়ে মানুষের মধ্যে আইন মানার মানসিকতা তৈরি করাই ডিএমপির মূল লক্ষ্য। এই প্রযুক্তি মাঠপর্যায়ে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে অবকাঠামোগত প্রস্তুতি ও ইন্টারনেট সংযোগের সমন্বয় প্রয়োজন বলে তিনি জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন