অক্টোবর ৩, ২০২৬, ০৫:৫০ পিএম
সৌরজগতের বাইরের একটি গ্রহ থেকে প্রথমবারের মতো সরাসরি রেডিও সংকেত শনাক্ত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। পৃথিবী থেকে প্রায় ৬৩ আলোকবর্ষ দূরে অবস্থিত গ্যাসীয় গ্রহ বিটা পিক্টোরিস বি থেকে এই সংকেত পাওয়া গেলেও এটি কোনো বুদ্ধিমান প্রাণীর অস্তিত্বের প্রমাণ নয়, বরং এর মাধ্যমে গ্রহটির অত্যন্ত শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের উপস্থিতি নিশ্চিত করা গেছে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানের অধ্যাপক ইডো বার্জার জানান, রেডিও সংকেতের কথা শুনলেই সাধারণত ভিনগ্রহের বুদ্ধিমান প্রাণীর অনুসন্ধানের কথা মনে হতে পারে, তবে এটি সম্পূর্ণ ভিন্ন একটি বৈজ্ঞানিক ঘটনা। গবেষকদের ধারণা, গ্রহটির চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত মেরুপ্রভা বা অরোরা থেকেই এই রেডিও তরঙ্গ তৈরি হচ্ছে। পৃথিবীর মেরুপ্রভার মতোই এখানে আধানযুক্ত কণার সাথে চৌম্বক ক্ষেত্রের মিথস্ক্রিয়া থেকে আলো ও রেডিও তরঙ্গের সৃষ্টি হয়। গত ১৫ সেপ্টেম্বর ‘আর্ক্সিভ’ প্রিপ্রিন্ট প্ল্যাটফর্মে প্রকাশিত গবেষণাপত্রে জানানো হয়েছে যে, বিটা পিক্টোরিস বি বৃহস্পতির চেয়ে প্রায় ১২ গুণ বেশি ভরের একটি বিশাল গ্যাসীয় গ্রহ। গবেষকদের হিসাব অনুযায়ী, এর চৌম্বক ক্ষেত্র বৃহস্পতির চৌম্বক ক্ষেত্রের চেয়ে অন্তত ২০০ গুণ বেশি শক্তিশালী। দক্ষিণ আফ্রিকায় অবস্থিত মীরক্যাট (MeerKAT) রেডিও টেলিস্কোপের ৬৪টি অ্যান্টেনা ব্যবহার করে এই গবেষণা চালানো হয়েছে।
এর আগে বহির্গ্রহ থেকে রেডিও নির্গমনের সম্ভাব্য কিছু ইঙ্গিত পাওয়া গেলেও সেগুলোর প্রকৃত উৎস গ্রহ নাকি তার মূল নক্ষত্র, তা নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে এবারের গবেষণায় গবেষকেরা সংকেতটির উৎস সরাসরি গ্রহটির সাথেই যুক্ত করতে সক্ষম হয়েছেন। অবশ্য গবেষণাটি এখনো সহকর্মী গবেষকদের পর্যালোচনার মধ্য দিয়ে যাচ্ছে, ফলে এই আবিষ্কারের চূড়ান্ত স্বীকৃতি পেতে আরও যাচাই-বাছাই প্রয়োজন।
গবেষকদের মতে, বহির্গ্রহের চৌম্বক ক্ষেত্র ও বায়ুমণ্ডলের প্রকৃত অবস্থা সম্পর্কে জানতে এই ধরনের রেডিও পর্যবেক্ষণ জ্যোতির্বিজ্ঞানে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। এরই মধ্যে গবেষণা দলটি গ্রহটি নিয়ে আরও গভীর পর্যবেক্ষণের জন্য অতিরিক্ত টেলিস্কোপের সময় চেয়ে আবেদন করেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন