নভেম্বর ১১, ২০২৫, ০৭:৩৩ পিএম
নিউ ইয়র্ক সিটির রাজনৈতিক আকাশে এখন সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের নাম জোহরান কোয়ামে মামদানি। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের জানুয়ারিতে তিনি শহরের প্রথম মুসলিম এবং ভারতীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।
মাত্র ৩৪ বছর বয়সী এই তরুণ রাজনীতিবিদ কেবল তার সাশ্রয়ী জীবনযাপনের প্রতিশ্রুতি দিয়েই নয়, বরং নিজের বৈচিত্র্যময় নাম ও পরিচয়ের জন্যও আলোচনায় রয়েছেন।
উগান্ডায় জন্ম নেওয়া এবং ভারতীয় বংশোদ্ভূত মুসলিম পরিবারে বেড়ে ওঠা জোহরানের নামের প্রতিটি অংশের পেছনে রয়েছে গভীর অর্থ ও ইতিহাস, যা তিনটি ভিন্ন মহাদেশের ঐতিহ্যকে ধারণ করে।
তার প্রথম নাম জোহরান এসেছে আরবি ও ফার্সি উৎস থেকে, যার শাব্দিক অর্থ আলো, প্রভা বা উজ্জ্বলতা। এই নামটি এমন একজনকে নির্দেশ করে যিনি চারপাশে আলো ছড়ান, যা তার বর্তমান নেতৃত্বের ইতিবাচক ভাবধারার সঙ্গে বেশ সামঞ্জস্যপূর্ণ। নামের দ্বিতীয় অংশ বা মধ্য নাম কোয়ামে এসেছে আফ্রিকার ঘানা ও আইভরি কোস্টের আকান জনগোষ্ঠীর ভাষা থেকে।
শব্দটির আক্ষরিক অর্থ শনিবারে জন্মগ্রহণকারী হলেও এর প্রতীকী অর্থ প্রজ্ঞা ও নেতৃত্ব। জানা যায়, জোহরানের বাবা অধ্যাপক মাহমুদ মামদানি ঘানার স্বাধীনতা সংগ্রামী ও প্রথম রাষ্ট্রপতি কোয়ামে নক্রুমার ভীষণ অনুরাগী ছিলেন। সেই শ্রদ্ধা থেকেই ছেলের নামের এই অংশটি রাখা হয়েছে, যা আফ্রিকান ঐতিহ্যের সঙ্গে তার সংযোগ স্থাপন করে।
সবশেষে তার পারিবারিক উপাধি মামদানি মূলত গুজরাটি খোজা মুসলিম সম্প্রদায়ের একটি সাধারণ নাম। ব্যুৎপত্তিগতভাবে এটি মোহাম্মদান শব্দ থেকে উদ্ভূত এবং এর অর্থ নবী হযরত মুহাম্মদ (সা.) এর অনুসারী বা সহজভাবে মুসলিম। সব মিলিয়ে জোহরান কোয়ামে মামদানি নামটি কেবল একটি সম্বোধন নয়, বরং এটি তার বহুসাংস্কৃতিক পরিচয়ের এক অনন্য প্রতীক।
জোহরান তার আলোকিত নেতৃত্বকে এবং কোয়ামে আফ্রিকান ঐতিহ্য ও প্রজ্ঞাকে প্রকাশ করে। অন্যদিকে মামদানি তার ইসলামিক ও দক্ষিণ এশীয় শিকড়কে তুলে ধরে। এই তিনটি নাম একত্রে এমন এক পরিচয় গঠন করেছে, যা আজকের বহুজাতিক, অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল নিউ ইয়র্কের সত্যিকারের প্রতিচ্ছবি হয়ে উঠেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন