রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,
দিল্লিতে বায়ুদূষণ

স্কুল বন্ধ, বিক্ষোভে মানুষ, অসুস্থদের শহর ছাড়ার পরামর্শ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১২, ২০২৫, ১০:১৮ এএম

স্কুল বন্ধ, বিক্ষোভে মানুষ, অসুস্থদের শহর ছাড়ার পরামর্শ

ভারতের রাজধানী দিল্লিতে বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। বাতাসের মান এতটাই নিচে নেমে গেছে যে, সরকার বাধ্য হয়ে প্রাথমিক বিদ্যালয়গুলো তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে এবং অনলাইনে ক্লাস নেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি সব ধরনের নির্মাণকাজ বন্ধ রাখা।

এবং নাগরিকদের যথাসম্ভব বাড়ি থেকে কাজ করার (ওয়ার্ক ফ্রম হোম) পরামর্শ দেওয়া হয়েছে।ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্যানুযায়ী, দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) বর্তমানে ৪২৫-এ দাঁড়িয়েছে, যা ‘গুরুতর’ বা ‘সিভিয়ার’ পর্যায়ের অন্তর্ভুক্ত।

প্রতি বছর এই সময়ে কৃষিজ বর্জ্য পোড়ানো, ধুলাবালি, যানবাহনের ধোঁয়া এবং শীতকালীন আবহাওয়ার কারণে দিল্লির বাতাস ভারী ও বিষাক্ত হয়ে ওঠে।

তবে পরিবেশকর্মীদের অভিযোগ, সরকার এখনো এই সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।পরিস্থিতি এতটাই নাজুক যে, দিল্লির খ্যাতনামা ফুসফুস বিশেষজ্ঞ ডা. গোপীচাঁদ খিলনানি পরামর্শ দিয়েছেন, যাদের দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট বা হৃদরোগ আছে, সামর্থ্য থাকলে তাদের অন্তত ৬-৮ সপ্তাহের জন্য দিল্লি ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া উচিত। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসের (এআইআইএমএস) চিকিৎসক ডা. হর্ষল রমেশ সালভে সতর্ক করে বলেছেন, দিল্লির প্রতিটি শ্বাস এখন স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য।

বিষাক্ত বাতাসের প্রতিবাদে ইন্ডিয়া গেট এলাকায় গ্যাস মাস্ক পরে শত শত মানুষ বিক্ষোভ করেছেন। তাদের ব্যানারে লেখা ছিল— ‘শ্বাস নেওয়াও এখন বিপজ্জনক’। দ্য ল্যানসেট পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে ভারতে প্রায় ১৭ লাখ ২০ হাজার মানুষ বায়ুদূষণের কারণে মারা গেছেন। বিশেষজ্ঞদের আশঙ্কা, এভাবে দূষণ চলতে থাকলে দিল্লি অচিরেই একটি ‘অবাসযোগ্য শহরে’ পরিণত হতে পারে।