সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলায় পাকিস্তানের তীব্র নিন্দা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৫, ২০২৫, ০৯:১৬ পিএম

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলায় পাকিস্তানের তীব্র নিন্দা

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর জঘন্য হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে পাকিস্তান। ওই হামলায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মর্মান্তিক মৃত্যু এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

বিবৃতিতে ইসলামাবাদ জানিয়েছে, পাকিস্তান এই মূল্যবান প্রাণহানির জন্য বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে এবং শোকাহত পরিবারের প্রতি একাত্মতা প্রকাশ করেছে।

পাকিস্তান শান্তিরক্ষীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলে:জাতিসংঘের শান্তিরক্ষীরা সংঘাত প্রতিরোধ, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং জাতিসংঘের পতাকাতলে শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক প্রচেষ্টার অগ্রভাগে রয়েছে।

এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য কর্তব্যরত এই নীল হেলমেটধারীদের চূড়ান্ত আত্মত্যাগের প্রতি আমরা শ্রদ্ধা জানাই।বিবৃতিতে এই কাপুরুষোচিত হামলায় জড়িত অপরাধীদের শনাক্ত এবং জবাবদিহি করার জন্য দ্রুত তদন্তের আহ্বান জানানো হয়েছে।

পাকিস্তান আরও জানিয়েছে, তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে, যাতে সমস্ত জাতিসংঘ শান্তিরক্ষীর নিরাপত্তা নিশ্চিত করা যায়।