রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু’ হচ্ছে : মিয়ানমার জান্তা প্রধান

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৮, ২০২৫, ০৩:২৫ পিএম

নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু’ হচ্ছে : মিয়ানমার জান্তা প্রধান

মিয়ানমারে দীর্ঘ পাঁচ বছর পর অনুষ্ঠিত হওয়া সাধারণ নির্বাচনকে ‘অবাধ ও সুষ্ঠু’ বলে দাবি করেছেন দেশটির জান্তা প্রধান মিন অং হ্লাইং। রোববার রাজধানী নেপিডোতে সশরীরে উপস্থিত হয়ে নিজের ভোট প্রদান করেন তিনি। ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং একে দেশের গণতান্ত্রিক ধারায় ফেরার একটি ধাপ হিসেবে উল্লেখ করেন।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।মিন অং হ্লাইং দাবি করেন যে নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আন্তর্জাতিক মহলে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে নানা প্রশ্ন থাকলেও জান্তা প্রধানের দাবি—নির্বাচন আয়োজনের মূল দায়িত্বে সামরিক বাহিনী থাকলেও এতে এর বিশ্বাসযোগ্যতা বা ভাবমূর্তি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে না।

তিনি আরও বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যেই এই নির্বাচন আয়োজন করা হয়েছে।উল্লেখ্য যে ২০২০ সালের নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেছিল মিয়ানমারের সামরিক বাহিনী।

এরপর থেকে দেশটিতে গৃহযুদ্ধ ও তীব্র রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। জান্তা সরকারের অধীনে আয়োজিত এই নির্বাচনকে দেশটির বিরোধী দলগুলো এবং অধিকাংশ পশ্চিমা দেশ ‘প্রহসন’ বলে আখ্যা দিয়েছে। তবে মিন অং হ্লাইং এই সমালোচনা প্রত্যাখ্যান করে আজ পুনরায় তাঁর অবস্থানে অনড় থাকার বার্তা দিলেন।