বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির হাসপাতালে ভর্তি

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৬, ০১:২২ পিএম

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির হাসপাতালে ভর্তি

মালয়েশিয়ার শতবর্ষী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) নিজ বাসভবনে পড়ে যাওয়ার পর তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তাঁর সহকারী সুফি ইউসুফ বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 সহকারী জানান মাহাথির মোহাম্মদ বারান্দা থেকে বসার ঘরে যাচ্ছিলেন। এ সময় তিনি পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাঁকে কুয়ালালামপুরের জাতীয় হার্ট ইনস্টিটিউটে নেওয়া হয়।

বর্তমানে তাঁকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।হাসপাতাল সূত্র জানিয়েছে তিনি সচেতন আছেন। তবে তাঁকে হাসপাতালে দীর্ঘমেয়াদে ভর্তি রাখা হবে কি না তা এখনো নিশ্চিত করা হয়নি।

বয়সের ভারে তিনি নানা স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন। এর আগে তাঁর হৃদরোগের জন্য বাইপাস সার্জারি করা হয়েছিল।মাহাথির মোহাম্মদ আধুনিক মালয়েশিয়ার রূপকার হিসেবে বিশ্বব্যাপী সম্মানিত। তিনি ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রথম মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে ২০১৮ সালে ৯৪ বছর বয়সে তিনি আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সে সময় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক নির্বাচিত নেতা। ২০২০ সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন।