রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ইন্দোনেশিয়ায় ভূমিধসে ২৩ মেরিন সেনা নিহত

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৭, ২০২৬, ০৩:৫২ পিএম

ইন্দোনেশিয়ায় ভূমিধসে ২৩ মেরিন সেনা নিহত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় নেমে এসেছে। টানা কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে চাপা পড়ে দেশটির নৌবাহিনীর অন্তত ২৩ জন মেরিন সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) নৌবাহিনীর মুখপাত্র ফার্স্ট অ্যাডমিরাল টুঙ্গগুল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শনিবার ভোরে পশ্চিম জাভার বান্দুং বারাত জেলার পাসির লাঙ্গু গ্রামে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত সেনারা ওই পাহাড়ি এলাকায় একটি সামরিক মহড়ায় অংশ নিচ্ছিলেন। হঠাৎ করে বিশাল মাটির স্তূপ তাদের ওপর আছড়ে পড়লে তারা সেখানে আটকা পড়েন।

ইন্দোনেশিয়া–পাপুয়া নিউগিনি সীমান্তে টহল দেওয়ার প্রস্তুতিমূলক প্রশিক্ষণের সময় এই ২৩ জন মেরিন সদস্য ভূমিধসের শিকার হন। নৌবাহিনীর মুখপাত্র টুঙ্গগুল বলেন, ‘চরম আবহাওয়ার কারণে সেখানে নজিরবিহীন বৃষ্টিপাত হয়, আর তাতেই প্রশিক্ষণ এলাকায় আকস্মিক ভূমিধসের ঘটনা ঘটে।’ 

এদিকে ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (BNPB) মুখপাত্র আবদুল মুহারি জানিয়েছেন, মঙ্গলবার বিকেল পর্যন্ত এই দুর্যোগে বেসামরিক লোকসহ মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে, যা আগে ছিল ১৭। তবে দুর্যোগ সংস্থার এই তালিকায় সেনাদের সংখ্যা অন্তর্ভুক্ত করা হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। বর্তমানে ওই এলাকায় অন্তত ৪২ জন বাসিন্দা নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।নিখোঁজদের উদ্ধারে বর্তমানে যুদ্ধকালীন তৎপরতা চালানো হচ্ছে।

 

অন্তত ৮০০ উদ্ধারকর্মী, সেনা ও পুলিশ সদস্য এবং নয়টি এক্সকাভেটর উদ্ধারকাজে মোতায়েন করা হয়েছে। দুর্যোগ সংস্থার তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত গ্রাম থেকে ৬৮৫ জন বাসিন্দাকে সরিয়ে স্থানীয় সরকারি ভবনে জরুরি আশ্রয় দেওয়া হয়েছে। উল্লেখ্য যে, ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে বর্ষা মৌসুমে ভূমিধস একটি সাধারণ ঘটনা হলেও এবারের বিপর্যয়টি অত্যন্ত প্রাণঘাতী। এর মাত্র দুই মাস আগে সুমাত্রা দ্বীপে ঘূর্ণিঝড় ও ভূমিধসে অন্তত ১ হাজার ২০০ মানুষ প্রাণ হারিয়েছিলেন। প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ বারবার ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।