বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

যুদ্ধের পর প্রথমবারের মতো বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১০:৫৫ এএম

যুদ্ধের পর প্রথমবারের মতো বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

২০২৫ সালের রক্তক্ষয়ী যুদ্ধের পর প্রথমবারের মতো পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে চিরবৈরী দুই দেশ যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী আগামী ৬ ফেব্রুয়ারি তুরস্কের ইস্তাম্বুলে এই হাই-প্রোফাইল বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। আলোচনার মূল টেবিলে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মুখোমুখি হতে পারেন বলে জানা গেছে। 

যদিও বৈঠকের বিষয়টি এখনও চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় তবে দুই দেশের কূটনীতিকরাই একে সবচেয়ে কার্যকর পরিকল্পনা হিসেবে দেখছেন।

বিশ্লেষকরা বলছেন এই আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ গত বছরের জুনে ১২ দিনের যুদ্ধের পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সব ধরনের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। ওই সময় পারমাণবিক আলোচনা মাঝপথে ভেঙে যাওয়ায় দুই দেশের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এবং সামরিক সংঘাত ছড়িয়ে পড়ে। 

বর্তমানে ওয়াশিংটন তেহরানের ওপর সামরিক চাপ বজায় রাখার পাশাপাশি একটি নতুন সমঝোতায় পৌঁছাতে চাইছে যাতে বড় ধরনের সংঘাত এড়ানো সম্ভব হয়। এই বৈঠকের আগে মার্কিন দূত স্টিভ উইটকফ ইসরায়েল সফর করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করতে পারেন বলেও ইঙ্গিত পাওয়া গেছে।এদিকে আলোচনার বিষয়বস্তু নিয়ে এরই মধ্যে দুই মেরুর অবস্থান স্পষ্ট হতে শুরু করেছে। ফিন্যান্সিয়াল টাইমসের তথ্যমতে প্রাথমিক আলোচনা শুধুমাত্র পারমাণবিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিষয়টি আপাতত বাইরে রাখা হতে পারে। 

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর আরও কঠোর শর্ত আরোপের পক্ষে রয়েছেন বলে গুঞ্জন রয়েছে। অন্যদিকে ইরানও তাদের অবস্থানে অনড় থাকার ইঙ্গিত দিয়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান আলী বাঘেরি স্পষ্ট করে জানিয়েছেন যে সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠানোর কোনো পরিকল্পনা তেহরানের নেই। ফলে ইস্তাম্বুলের এই বৈঠক বিশ্ব রাজনীতির গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।