ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০২:১৩ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মার্চ মাসের শেষ দিকে চীন সফরে যাচ্ছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত তিনি বেইজিংয়ে অবস্থান করবেন। ২০১৭ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট চীন সফরে যাচ্ছেন, যা বর্তমান বিশ্ব রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এর আগে ট্রাম্প তার প্রথম মেয়াদেও চীন সফর করেছিলেন। গত কয়েক মাসে প্রেসিডেন্ট ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে এবং উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছেন।
সফর প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, এটি একটি জাঁকজমকপূর্ণ সফর হতে যাচ্ছে। তিনি বেইজিংয়ে তার এই উপস্থিতিকে চীনের ইতিহাসের অন্যতম বড় আয়োজন হিসেবে দেখার প্রত্যাশা ব্যক্ত করেছেন। তবে এই সফরের নেপথ্যে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে বাণিজ্য শুল্ক এবং দুই দেশের মধ্যকার অর্থনৈতিক উত্তেজনা।
সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্ট বিশ্বজুড়ে বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের আরোপ করা শুল্ক বাতিল করেছে। ট্রাম্প এর আগে ঘোষণা করেছিলেন যে, মার্কিন নীতি বাস্তবায়নে তিনি শুল্ককে একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করবেন।সফরে শি জিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধান আলোচ্য বিষয় হতে পারে বাণিজ্য শুল্ক এবং এর বিপরীতে চীনের প্রতিক্রিয়া। উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের প্রতিবাদে চীন ইতিমধ্যে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কেনা বন্ধ করার ঘোষণা দিয়েছে।
সয়াবিন হচ্ছে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অন্যতম বড় রপ্তানি পণ্য। ট্রাম্পের এই সফরের মাধ্যমে বাণিজ্য যুদ্ধের অবসান ঘটে কি না, তা এখন বিশ্ববাসীর নজরদারিতে রয়েছে। ট্রাম্পের আগে সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিসহ বেশ কয়েকজন পশ্চিমা নেতা বেইজিং সফর করে নতুন বাণিজ্য চুক্তির পথে হেঁটেছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন