বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ইরানে ফের শুরু হয়েছে জেন-জি বিক্ষোভ ও আন্দোলন

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৯:২৯ এএম

ইরানে ফের শুরু হয়েছে জেন-জি বিক্ষোভ ও আন্দোলন

ইরানে বিক্ষোভের দৃশ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান কূটনৈতিক উত্তেজনার মধ্যেই ইরানে আবারও নতুন করে জেন-জি বিক্ষোভ শুরু হয়েছে। রাজধানী তেহরানে গত রোববার দ্বিতীয় দিনের মতো ব্যাপক বিক্ষোভ, সমাবেশ ও মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীসহ তরুণ প্রজন্মের একটি বড় অংশ। ডিসেম্বরের আন্দোলনে নিহতদের স্মরণ এবং সেই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির বরাত দিয়ে আল আরাবিয়া ইংলিশ জানিয়েছে, শনিবার থেকে শুরু হওয়া এই বিক্ষোভ ধীরে ধীরে পুরো তেহরানে ছড়িয়ে পড়েছে।

প্রতিবেদনে জানানো হয়, তেহরানের তিনটি প্রধান বিশ্ববিদ্যালয়ে এই বিক্ষোভের কেন্দ্রবিন্দু এখন সরকারবিরোধী তরুণরা। বিশেষ করে শরিফ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে এই আন্দোলন দানা বেঁধেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, শিক্ষার্থীরা ইরানের সাবেক শাহ মুহম্মদ রেজা শাহ পাহালভির আমলের পতাকা হাতে নিয়ে মিছিল করছেন এবং সরকারবিরোধী নানা স্লোগান দিচ্ছেন। 

সরকারবিরোধী এই আন্দোলনের পাল্টা হিসেবে ক্ষমতাসীন সরকারের সমর্থক তরুণ-তরুণীরাও মাঠে নেমেছেন, যার ফলে রাজপথে এক ধরণের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।ইরানের অনলাইন সংবাদমাধ্যম ফার্স নিউজের তথ্যমতে, গত ডিসেম্বর মাস থেকেই আর্থিক দুরবস্থার জেরে তেহরানে বিক্ষোভ শুরু হয়েছিল, যা পরে দেশজুড়ে ছড়িয়ে পড়ে। সেই সময় নিরাপত্তা বাহিনী অত্যন্ত কঠোরভাবে এই আন্দোলন দমন করার চেষ্টা করে। 

মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, সরকারি বাহিনীর গুলিতে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। যদিও ইরান কর্তৃপক্ষ প্রায় তিন হাজার মানুষের মৃত্যুর কথা স্বীকার করেছে, তবে তাদের দাবি এই সহিংসতাগুলো বিদেশি শত্রুদের উসকানিতে ঘটেছিল।অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, সাম্প্রতিক এই সরকারবিরোধী আন্দোলনে নিহতের প্রকৃত সংখ্যা সাত হাজারেরও বেশি হতে পারে। 

নিহতদের বেশিরভাগই তরুণ বিক্ষোভকারী বলে দাবি করেছে সংস্থাটি। দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট এবং ব্যক্তিস্বাধীনতার অভাবকে কেন্দ্র করে ইরানি তরুণদের মধ্যে যে পুঞ্জীভূত ক্ষোভ তৈরি হয়েছে, তারই বহিঃপ্রকাশ হিসেবে এই জেন-জি বিক্ষোভ আবারও তেহরানকে উত্তাল করে তুলেছে। বর্তমানে পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে আন্তর্জাতিক মহল।