ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৯:৩৪ পিএম
আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলা এবং পরবর্তীতে তালেবান বাহিনীর পাল্টা আক্রমণের মধ্য দিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার ভোরে কাবুল, কান্দাহার ও পাকতিকায় পাকিস্তানের হামলার পর ডুরান্ড লাইন বরাবর বড় আকারের লড়াই শুরু হয়েছে। পাকিস্তান এই পরিস্থিতিকে তালেবান সরকারের সাথে তাদের ‘খোলা যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেছে।
উদ্ভূত এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফেরানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘসহ বিশ্বের ক্ষমতাধর দেশগুলো।জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস উভয় পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
তার মুখপাত্র স্টিফেন ডুজারিকের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সীমান্তে বাড়তে থাকা সংঘাত নিরসনে দুই দেশকেই সংযত হতে হবে। অন্যদিকে প্রতিবেশী দেশ ইরান এই সংকট নিরসনে মধ্যস্থতা করার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, কাবুল ও ইসলামাবাদের মধ্যে সংলাপ ও সহযোগিতা বৃদ্ধিতে তেহরান যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।রাশিয়া ও চীনও এই দ্বন্দ্বে কূটনৈতিক সমাধানের ওপর বিশেষ জোর দিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সীমান্ত সংঘাত বন্ধ করে আলোচনার মাধ্যমে মতবিরোধ মেটানোর পরামর্শ দিয়েছে। একইভাবে চীনও দুই দেশকে সংলাপে বসার আহ্বান জানিয়ে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে।
চীনের মতে, বৈরিতার অবসান কেবল দুই দেশের জনগণের স্বার্থ রক্ষা করবে না বরং এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বড় ভূমিকা রাখবে। ভারতের পক্ষ থেকে পাকিস্তানের এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে জানান, আফগান ভূখণ্ডে এই ধরনের সামরিক অভিযান কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে তুরস্কও। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পাকিস্তান, আফগানিস্তান, কাতার ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে এই বিষয়ে টেলিফোনে কথা বলেছেন।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারও সামাজিক মাধ্যমে এক বার্তায় গভীর উদ্বেগ প্রকাশ করে উভয় পক্ষকে সংঘাত কমানোর অনুরোধ জানিয়েছেন। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সাফ জানিয়ে দিয়েছেন যে তাদের ধৈর্যের সীমা পেরিয়ে গেছে এবং সশস্ত্র বাহিনী এখন চূড়ান্ত জবাব দিচ্ছে। পাল্টা জবাবে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই মাতৃভূমি রক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন।খবর আলজাজিরার।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন