রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,
দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও সুদৃঢ় করার ডাক রাষ্ট্রদূতের

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০৫:১৫ পিএম

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও সুদৃঢ় করার ডাক রাষ্ট্রদূতের

বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান বহুমুখী দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণ ও সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এই আহ্বান জানান।

ভৌগোলিক ও রাজনৈতিক নৈকট্যের পাশাপাশি দুই দেশের মৈত্রী ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উল্লেখ করেন, বিশেষ করে চীনের ইউনান প্রদেশ ও বাংলাদেশের মধ্যে পরিবহন, কৃষি, বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি, পর্যটন এবং শিক্ষা খাতে পারস্পরিক অংশীদারিত্ব বাড়ানোর ব্যাপক সম্ভাবনা রয়েছে। এসব খাতে সহযোগিতা জোরদার করা গেলে দুই দেশের সাধারণ মানুষের যোগাযোগ যেমন বৃদ্ধি পাবে, তেমনই প্রস্তাবিত বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর বাস্তবায়নেও তা একটি শক্তিশালী ভিত্তি গড়ে তুলবে।

কয়েক দশক ধরে বিভিন্ন সামাজিক ও বাণিজ্যিক সংগঠন দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে ইতিবাচক ভূমিকা রেখে আসছে বলে স্মরণ করেন রাষ্ট্রদূত।

সাম্প্রতিক বছরগুলোতে উচ্চপর্যায়ের বিভিন্ন প্রতিনিধি দলের পারস্পরিক সফর দ্বিপক্ষীয় সহযোগিতার পরিধিকে নতুন মাত্রায় উন্নীত করেছে বলে জানান তিনি। ইয়াও ওয়েন আরও বলেন, ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস দুই দেশের সামগ্রিক উন্নয়ন, নিবিড় যোগাযোগ এবং যৌথ সহযোগিতা বৃদ্ধিতে সেতুবন্ধন হিসেবে কার্যকর ভূমিকা পালন করে যাবে। বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়ন অগ্রযাত্রায় কাঁধে কাঁধ মিলিয়ে যৌথ সমৃদ্ধি অর্জনে বেইজিং দৃঢ় সহযোগিতা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের কমিউনিস্ট পার্টির ইউনান প্রাদেশিক কমিটির স্ট্যান্ডিং কমিটির সদস্য চাও চুনমিন। এতে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সভাপতি আইনজীবী নাজমুল হক নান্নু।