রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,
পানিতে ডুবে প্রাণহানি

সিরাজদীখানে খেলতে গিয়ে পুকুরে ডুবে নিথর দুই ভাইবোন

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০৫:২১ পিএম

সিরাজদীখানে খেলতে গিয়ে পুকুরে ডুবে নিথর দুই ভাইবোন

মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলায় নানাবাড়ি বেড়াতে এসে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আট বছর বয়সী যমজ ভাইবোনের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুদের নাম তানিশা ও রায়হান। পরিবারের সদস্যরা জানান, শনিবার তারা মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল। রবিবার দুপুরের দিকে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে তারা দুজন খেলাধুলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত একজন পুকুরের পানিতে পড়ে যায়। তখন অপরজন তাকে টেনে তোলার চেষ্টা করলে সেও পানিতে ডুবে যায়।

পরে স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতদের খালা কামরুন নাহার জানান, তাদের বাবা শরিফ দীর্ঘদিন ধরে কুয়েতে কর্মরত রয়েছেন। তাদের মূল বাড়ি ঢাকার ডেমরার ঠুলঠুলিয়া চেয়ারম্যানবাড়ি এলাকায়। এই যমজ শিশু ছাড়াও তাদের পরিবারে আরও একটি কন্যাসন্তান রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে যমজ ভাইবোনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।