শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় আলোচনায় নতুন অর্থনৈতিক দিগন্ত

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ১৫, ২০২৬, ০৯:৩৩ পিএম

চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় আলোচনায় নতুন অর্থনৈতিক দিগন্ত

সংগৃহীত ছবি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে ঢাকা ও বেইজিংয়ের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় দুই দেশের মধ্যকার অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতার নানা দিক নিয়ে বিস্তারিত পর্যালোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বৃহৎ অবকাঠামো উন্নয়ন অগ্রাধিকার পায়। উভয় পক্ষের আলোচনায় বিসিএমইসি বা বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার অর্থনৈতিক করিডোর উদ্যোগের অগ্রগতি ও বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। একই সঙ্গে মানবসম্পদ উন্নয়ন, বিশেষ চীনা অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম ত্বরান্বিত করা এবং মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধির বিষয় গুরুত্বের সাথে তুলে ধরা হয়। এছাড়া জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধি, রংপুরে প্রস্তাবিত বিশেষায়িত হাসপাতাল স্থাপন এবং শিক্ষা ও নারীর ক্ষমতায়নে যৌথ উদ্যোগ নিয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়।

বৈঠকে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে চীন সফরের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এই সফরের মাধ্যমে দুই দেশের নারী উদ্যোক্তাদের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ আরও প্রসারিত হবে বলে আশা প্রকাশ করা হয়।