বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬,

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৪, ২০২৬, ১০:০০ এএম

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত

নতুন সুপ্রিম লিডার মোজতবা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন প্রয়াত আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। বুধবার ইরানভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদন অনুযায়ী, ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসির ব্যাপক চাপের মুখে দেশটির এসেম্বলি অব এক্সপার্টস মোজতবা খামেনিকে পরবর্তী শীর্ষ নেতা হিসেবে বেছে নিয়েছে। 

খামেনি পরিবারের এই উত্তরসূরি এখন থেকে শিয়া প্রধান দেশটিতে সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতার অধিকারী হিসেবে দায়িত্ব পালন করবেন।এদিকে গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের দীর্ঘদিনের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির দাফন প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত জানিয়েছে দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ। 

খবর অনুযায়ী, ৮৬ বছর বয়সী এই নেতাকে ইরানের পবিত্র নগরী মাশহাদ শহরে সমাহিত করা হবে। মাশহাদ শহরটি আলী খামেনির জন্মস্থান হওয়ার পাশাপাশি ধর্মীয়ভাবেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 

সেখানে অবস্থিত বিখ্যাত ইমাম রেজা মাজার প্রাঙ্গণে তাকে দাফন করার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে দাফনের সুনির্দিষ্ট সময় এখন পর্যন্ত জনসমক্ষে প্রকাশ করা হয়নি।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মৃত্যুর আগে আলী খামেনি নিজেই তার অসিয়তনামায় মাশহাদের এই মাজার প্রাঙ্গণে সমাহিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। টানা ৩৬ বছর ইরানের শাসনভার সামলানো এই নেতার প্রস্থান ও নতুন নেতার নির্বাচন মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

 

আইআরজিসির প্রত্যক্ষ সমর্থনে মোজতবা খামেনির ক্ষমতা গ্রহণ ইরানের ভবিষ্যৎ সমর ও পররাষ্ট্রনীতিতে কী ধরনের প্রভাব ফেলবে, তা নিয়ে এখন বিশ্বজুড়ে চুলচেরা বিশ্লেষণ চলছে।তেহরানে নতুন এই নেতৃত্ব আসীন হওয়ার খবর এমন এক সময়ে এলো যখন দেশটি বহিঃশত্রুর আক্রমণের মুখে চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। 

এসেম্বলি অব এক্সপার্টস সাধারণত অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করলেও এবার আইআরজিসির ভূমিকা নিয়ে আন্তর্জাতিক মহলে বেশ আলোচনা হচ্ছে। মোজতবা খামেনি আগে থেকেই ইরানের নেপথ্য রাজনীতিতে প্রভাবশালী ছিলেন এবং সামরিক বাহিনীর সঙ্গে তার সুসম্পর্ক দীর্ঘদিনের। এখন দেখার বিষয়, বাবার স্থলাভিষিক্ত হয়ে তিনি বর্তমান সংকট কতটুকু মোকাবিলা করতে পারেন।