বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬,
গ্রামীণ পর্যটন

গোলাপি ও সাদা পদ্মে রূপকথার রূপ কাতনি বিল

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৩:২৭ পিএম

গোলাপি ও সাদা পদ্মে রূপকথার রূপ  কাতনি বিল

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের ঘোষপাড়া কাতনি বিলজুড়ে এখন গোলাপি আর সাদা পদ্মের সমারোহ। প্রায় ১০০ একর জলাশয়ে প্রাকৃতিকভাবে ফুটে থাকা হাজার হাজার পদ্ম দূর থেকে দেখলে মনে হয় যেন সবুজের বুকে বিছিয়ে রাখা হয়েছে এক বিশাল রঙিন ফুলের গালিচা। প্রকৃতির এই মনোরম রূপ উপভোগ করতে প্রতিদিন দূরদূরান্ত থেকে ভিড় জমাচ্ছেন দর্শনার্থী ও প্রকৃতিপ্রেমীরা। স্থানীয়দের কাছে এটি এখন পরিচিতি পেয়েছে পদ্মবিল নামে।

একসময় পুরো বছরই পানিতে ডুবে থাকা এই বিলে এখন শুকনো মৌসুমে কৃষিকাজ হয়। তবে বর্ষা শুরু হওয়ার পর থেকেই পুরো এলাকা পানিতে পূর্ণ হয়ে ওঠে এবং প্রাকৃতিকভাবেই পাপড়ি মেলে সাদা ও গোলাপি রঙের পদ্মফুল। বর্ষা ও শরৎকালজুড়ে এই বিল অপরূপ রূপ ধারণ করায় শহর ও গ্রামের নানা বয়সের দর্শনার্থী মেঠোপথ পেরিয়ে পরিবারের সদস্যদের নিয়ে এখানে আসছেন। নাগরিক কোলাহল ছেড়ে শান্ত গ্রামীণ পরিবেশ আর ডিঙি নৌকার ভ্রমণ ভ্রমণপিপাসুদের মাঝে বাড়তি আনন্দ জোগাচ্ছে।

পর্যটকদের এই আগমন স্থানীয় নিম্ন আয়ের মানুষের জীবিকায় নতুন আশার সঞ্চার করেছে। দর্শনার্থীদের বিল ঘুরিয়ে দেখানোর মাধ্যমে বাড়তি রোজগারের সুযোগ পাচ্ছেন স্থানীয় নৌকার মাঝিরা। তারা জানান, এই মৌসুমে প্রতিদিন নৌকা চালিয়ে প্রায় এক হাজার ৫০০ টাকা পর্যন্ত আয় করা সম্ভব হয়, আর ছুটির দিনে দর্শনার্থী বাড়লে আয়ের পরিমাণ আরও বৃদ্ধি পায়। বর্ষা ও শরৎ মৌসুমে কাতনি বিলের এই প্রাকৃতিক সৌন্দর্য বর্তমানে তাড়াইল উপজেলার অন্যতম প্রধান পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে।