মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬,

ইউরোপীয়দের ৩ দিনের খাদ্য ও পানি মজুদের পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ২২, ২০২৬, ১১:৩২ এএম

ইউরোপীয়দের ৩ দিনের খাদ্য ও পানি মজুদের পরামর্শ

যেকোনো বড় ধরনের সংকট বা বিপর্যয়কালীন পরিস্থিতি সামাল দিতে নাগরিকদের অন্তত তিন দিনের খাবার, পানি ও প্রয়োজনীয় ওষুধ প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বিদ্যুৎ ও পানি সরবরাহ হঠাৎ বন্ধ হওয়া কিংবা জরুরি সেবা ব্যাহত হওয়ার মতো সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় এই আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক উত্তেজনা ও সংঘাতের পাশাপাশি সাইবার হামলা, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় সাধারণ মানুষকে আগেভাগেই প্রস্তুত রাখতে চায় সংস্থাটি।

সংকট সামাল দিতে এই আগাম পরামর্শ দেওয়া হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে নাগরিকদের সচেতন করতে এমন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে। ফ্রান্সে নাগরিকদের জরুরি ব্যবহারের জন্য একটি প্রস্তুত ব্যাগ গুছিয়ে রাখার তাগিদ দেওয়া হয়েছে। বেলজিয়ামেও তিন দিনের মৌলিক চাহিদা মেটানোর মতো প্রস্তুতি রাখতে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। দেশভেদে প্রচারের ধরন আলাদা হলেও প্রতিটি ক্ষেত্রে পরিবারের আগাম প্রস্তুতি নিশ্চিত করাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

একই লক্ষ্য নিয়ে কাজ করছে ইউরোপীয় কমিশন। ২০২৫ সালের মার্চে ঘোষিত প্রিপেয়ারডনেস ইউনিয়ন স্ট্র্যাটেজি বা সমন্বিত প্রস্তুতি কৌশলে নাগরিকদের অন্তত ৭২ ঘণ্টা নিজস্ব ব্যবস্থাপনায় চলার সক্ষমতা অর্জনের তাগিদ দেওয়া হয়। তবে কমিশন স্পষ্ট করেছে যে এটি কোনো বাধ্যতামূলক পণ্য মজুদের নির্দেশ নয়, বরং প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার আগাম দিকনির্দেশনা। বড় কোনো বিপর্যয়ের পর প্রথম ৭২ ঘণ্টা সবচেয়ে সংকটজনক হয়ে ওঠে বলে ফরাসি সরকারের দুর্যোগ বিষয়ক ওয়েবসাইট জিও রিস্কের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। 

ওই সময় বিদ্যুৎ বা পানির সংযোগ বিচ্ছিন্ন হলে কিংবা যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়লে তাৎক্ষণিক সরকারি উদ্ধার সহায়তা পৌঁছাতে বিলম্ব হতে পারে। তখন এই পূর্বপ্রস্তুতি কাজে লাগবে এবং দ্রুত বাড়ি ছাড়ার প্রয়োজন হলেও প্রস্তুত ব্যাগটি সাথে নেওয়া সম্ভব হবে। ফরাসি নির্দেশনা অনুযায়ী জরুরি ব্যাগে রান্না ছাড়াই খাওয়া যায় এমন দীর্ঘস্থায়ী শুকনো খাবার, প্রয়োজনীয় ওষুধ, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, টর্চলাইট, ব্যাটারিচালিত রেডিও, মুঠোফোনের চার্জার, নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ নথির অনুলিপি সংরক্ষণ করতে বলা হয়েছে। 

এছাড়া পানীয় জলের ক্ষেত্রে তিন দিনের জন্য জনপ্রতি অন্তত ছয় লিটার পানি মজুদের পরামর্শ দেওয়া হয়েছে। বেলজিয়ামের নির্দেশনায় পরিবারের শিশুদের বাড়তি খাদ্য ও নিয়মিত প্রয়োজনীয় ওষুধের ওপর বিশেষ জোর দিতে বলা হয়েছে। পারিবারিক এই সতর্কতার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আগাম সতর্ক ব্যবস্থা জোরদার করা এবং সংকটকালে সরকারি সংস্থাগুলোর সমন্বয় বাড়ানোর বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।