রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিপদে ইরানের যুদ্ধজাহাজ শ্রীলঙ্কার কাছে জরুরি সাহায্য প্রার্থনা

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৫, ২০২৬, ০৪:৫৩ পিএম

বিপদে ইরানের যুদ্ধজাহাজ শ্রীলঙ্কার কাছে জরুরি সাহায্য প্রার্থনা

বিপদে ইরানি যুদ্ধজাহাজ

শ্রীলঙ্কা উপকূলে এক ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে ইরানি নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ। সাবমেরিন হামলায় একটি জাহাজ ডুবে যাওয়ার পর বহরের অন্য একটি যুদ্ধজাহাজ ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে আটকা পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে জাহাজটি প্রাণহানি ও বড় ধরনের দুর্ঘটনা এড়াতে শ্রীলঙ্কা কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে বন্দরে প্রবেশের অনুমতি ও সাহায্য প্রার্থনা করেছে। 

বৃহস্পতিবার আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে আয়োজিত একটি আন্তর্জাতিক নৌ-মহড়ায় অংশ নিয়ে ফেরার পথে ইরানি নৌযানের এই বহরটি হামলার শিকার হয়। 

এর মধ্যে আইরিশ দেনা নামের একটি যুদ্ধজাহাজ মার্কিন হামলায় সমুদ্রের তলদেশে হারিয়ে গেছে বলে দাবি করা হয়েছে এবং এতে শতাধিক ক্রু নিখোঁজ রয়েছেন। এই ঘটনার পরপরই বহরের আরেকটি জাহাজ গুরুতর যান্ত্রিক গোলযোগের কথা জানিয়ে নিকটবর্তী বন্দরে নোঙর করার অনুমতি চায়। শ্রীলঙ্কার সরকার বিষয়টি নিয়ে কাজ করলেও এখন পর্যন্ত জাহাজটিকে বন্দরে ভেড়ার চূড়ান্ত অনুমতি দেয়নি। 

দেশটির গণমাধ্যমমন্ত্রী জানিয়েছেন, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং আঞ্চলিক শান্তি রক্ষায় সব ধরনের কূটনৈতিক ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।অন্যদিকে একই সময়ে পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, ইরান থেকে আসা ড্রোন হামলায় কুয়েতের একটি তেলবাহী ট্যাংকার জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার গভীর রাতের এই হামলায় জাহাজটি শেষ পর্যন্ত ডুবে যায় এবং কার্গোতে থাকা বিপুল পরিমাণ জ্বালানি তেল সাগরে ছড়িয়ে পড়ে। এতে পরিবেশগত বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করা রয়েছে। তবে জাহাজটি ডুবে গেলেও এর ক্রুরা নিরাপদে রক্ষা পেয়েছেন বলে নিশ্চিত করেছে ব্রিটিশ সংস্থাটি। ড্রোনের আঘাতেই এই দুর্ঘটনা ঘটেছে বলে তাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে বলে তারা দাবি করেছে। বর্তমান পরিস্থিতিতে ভারত মহাসাগর ও সংশ্লিষ্ট অঞ্চলে আন্তর্জাতিক নৌ-নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।