মার্চ ৮, ২০২৬, ১১:৪২ এএম
ইরান থেকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কঠোর জবাব দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক জরুরি বিবৃতিতে জানিয়েছে যে সম্ভাব্য বড় ধরনের হামলা প্রতিহত করতে তাদের প্রতিরক্ষা ইউনিটগুলো বর্তমানে সর্বোচ্চ সক্রিয় অবস্থায় কাজ করছে।
সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন অংশে আকাশে যে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে তা মূলত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে শত্রু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার ফলাফল বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়।
বর্তমানে দেশের সেনাবাহিনী ও সব নিরাপত্তা সংস্থা পরিস্থিতি পর্যবেক্ষণে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।চলমান এই উত্তেজনার মাঝে নাগরিকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে প্রয়োজনীয় সকল প্রতিরোধমূলক ব্যবস্থা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে জনগণকে অপ্রয়োজনীয় গুজব এড়িয়ে চলতে এবং কেবল সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে গড়ে ওঠা সাম্প্রতিক ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এ ধরনের হামলার আশঙ্কা আগেই করা হচ্ছিল যা এখন বাস্তব রূপ নিতে শুরু করেছে।হামলার ঘটনা সম্পর্কে প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে যে এ পর্যন্ত আকাশেই অধিকাংশ হুমকি নস্যাৎ করে দেওয়া সম্ভব হয়েছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তবে উদ্ভূত পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজর রাখছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠায় আন্তর্জাতিক মহলও এই অঞ্চলের ঘটনাবলির দিকে তীক্ষ্ণ নজর রাখছে। আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে আরব আমিরাত তার মিত্র দেশগুলোর সঙ্গেও যোগাযোগ রক্ষা করছে বলে জানা গেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন