মার্চ ৯, ২০২৬, ১০:৫৭ এএম
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি আনুষ্ঠানিকভাবে সমর্থন ও পূর্ণ আনুগত্য প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রেসিডেন্টের পাশাপাশি ইরানের সশস্ত্র বাহিনী এবং শক্তিশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি-ও নতুন নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিশেষ বিবৃতিতে এই আনুগত্যের কথা নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে সামরিক বাহিনীর পক্ষ থেকে মোজতবা খামেনিকে একজন ন্যায়পরায়ণ, জ্ঞানবান, ধর্মপ্রাণ এবং বিচক্ষণ নেতা হিসেবে অভিহিত করা হয়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করার মাধ্যমে ইরানের বিশেষজ্ঞ পরিষদ তাদের দূরদর্শিতা ও বুদ্ধিমত্তার প্রমাণ দিয়েছে। আইআরজিসি তাদের অভিনন্দন বার্তায় জানিয়েছে, তারা নতুন নেতার প্রতিটি আদেশ ও নির্দেশনা পালনে এবং তা বাস্তবায়নে সব সময় প্রস্তুত থাকবে।
রেভল্যুশনারি গার্ডের এই স্বীকৃতি দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।শুধুমাত্র সামরিক বাহিনী বা প্রেসিডেন্টই নন, ইরানের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও নিরাপত্তা সংস্থা এই নিয়োগের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন জানিয়েছে। দেশটির পার্লামেন্ট স্পিকার, আধাসামরিক বাহিনী বাসিজ, সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এবং পুলিশ বিভাগও মোজতবা খামেনির নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছে।
এছাড়া প্রতিরক্ষা ও গোয়েন্দা মন্ত্রণালয়সহ রাষ্ট্রের সকল শক্তিশালী বিভাগ এই পরিবর্তনের সাথে একাত্মতা ঘোষণা করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাষ্ট্রের সকল স্তরের এই নিরঙ্কুশ সমর্থন মোজতবা খামেনির ক্ষমতাকে সুসংহত করতে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ইরানের অবস্থান দৃঢ় করতে সহায়ক হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন