মার্চ ১৮, ২০২৬, ০৮:২৯ পিএম
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এক নতুন ও বিপজ্জনক মোড় নিয়েছে। সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের পাঁচটি প্রধান তেল স্থাপনার নিকটবর্তী এলাকায় বসবাসরত সাধারণ মানুষকে অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর ওই সব এলাকার বাসিন্দাদের কোনো বিলম্ব না করে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছে। এই আকস্মিক নির্দেশের ফলে সমগ্র উপসাগরীয় অঞ্চলে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।
এই নির্দেশনার প্রেক্ষাপট হিসেবে বুধবার ভোরে ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলার ঘটনাকে সামনে আনা হচ্ছে। ইসরায়েলি সংবাদমাধ্যম এবং ইরানের সংবাদ সংস্থা তাসনিম এই হামলার খবর নিশ্চিত করেছে। হামলার পর ওই স্থাপনায় বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হলেও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ফারস নিউজ।
তবে এই হামলার পর ইরানের পক্ষ থেকে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি এবং পার্শ্ববর্তী দেশগুলোর তেল স্থাপনা খালি করার নির্দেশ পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে।এদিকে ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এই হামলাকে একটি দায়িত্বজ্ঞানহীন এবং বিপজ্জনক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।
তিনি সতর্ক করে দিয়ে বলেছেন যে জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা বিশ্ব জ্বালানি নিরাপত্তার পাশাপাশি এই অঞ্চলের পরিবেশ ও জনগণের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। সাউথ পার্স গ্যাসক্ষেত্রটি মূলত কাতারের নর্থ ফিল্ডের একটি বর্ধিত অংশ হওয়ায় কাতার এই হামলার বিষয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করেছে। সমগ্র পরিস্থিতি এখন এক ভয়াবহ সামরিক উত্তেজনার দিকে ধাবিত হচ্ছে যা বিশ্বব্যাপী তেলের বাজার ও নিরাপত্তা ব্যবস্থায় বড় প্রভাব ফেলতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন