এপ্রিল ১৫, ২০২৬, ০৫:৪৭ পিএম
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমন ও শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান সুসংহত করেছে পাকিস্তান। দুই দেশের মধ্যে প্রথম দফার আলোচনা কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছালেও দ্বিতীয় দফায় কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ।
এই পরিস্থিতিতে আন্তর্জাতিক কূটনীতিতে পাকিস্তানের ক্রমবর্ধমান গুরুত্বকে কাজে লাগিয়ে মুসলিম বিশ্বের তিন শক্তিশালী দেশ সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বুধবার জেদ্দার উদ্দেশ্যে তাঁর এই সফর শুরু করার কথা রয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, শাহবাজ শরিফ আজ জেদ্দায় সৌদি আরবের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। সৌদি সফর শেষে তিনি কাতারের রাজধানী দোহায় যাবেন।
সেখানে কাতারের আমিরের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা ছাড়াও আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে বিশেষ আলোচনা করবেন তিনি। সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী শরিফ তুরস্কে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন এবং সেখানে অনুষ্ঠিতব্য পঞ্চম আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নেবেন। বিশ্লেষকরা মনে করছেন, এই সফরের মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে পাকিস্তান একটি শক্তিশালী আঞ্চলিক বলয় তৈরির চেষ্টা করছে।এদিকে মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক অর্থনীতির জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অস্থিরতা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গত ৮ এপ্রিল স্বাক্ষরিত অস্থায়ী যুদ্ধবিরতি তিনি আর বাড়াতে চান না। বরং একটি পূর্ণাঙ্গ ও দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে সব সমস্যার স্থায়ী সমাধান চায় ওয়াশিংটন। ট্রাম্পের সুরেই কথা বলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তিনি স্পষ্ট করেছেন যে, কেবল একটি সাময়িক চুক্তি নয়, বরং ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক ভূমিকার মতো স্পর্শকাতর বিষয়গুলোর একটি স্থায়ী সমাধান চায় যুক্তরাষ্ট্র।
তবে যুক্তরাষ্ট্রের এমন অনড় অবস্থানের বিপরীতে আলোচনার টেবিলে কিছুটা ইতিবাচক ইঙ্গিত দিয়েছে ইরান। যদিও দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাসের দেয়াল শান্তি আলোচনার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, তবুও পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতায় পৌঁছানোর আশা দেখছেন বিশ্ব নেতারা। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে সামরিক উত্তেজনা ও বাণিজ্যিক অবরোধের আশঙ্কার মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই তিন দেশ সফর আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক মহল এখন তাকিয়ে আছে শাহবাজ শরিফের এই সফরের ফলাফলের দিকে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন