এপ্রিল ১৫, ২০২৬, ১০:১৬ পিএম
চীনে বিশ্বের অন্যতম বৃহত্তম বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দেশটির শেনঝেন প্রদেশের পিংশানে অবস্থিত এই বিশাল উৎপাদন কেন্দ্রের ভেতরে আগুন লাগে। তবে কর্তৃপক্ষের দ্রুত তৎপরতার কারণে এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
সংবাদমাধ্যম এনডিটিভিসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এই দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে। চীনের বিওয়াইডি কারখানায় আগুন লাগার পর বড় বিপদের শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিওয়াইডি কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, আগুন মূলত কারখানা চত্বরের ভেতরে থাকা একটি বহুতল পার্কিং গ্যারেজে লাগে। ভবনটির যে অংশে আগুন লেগেছে, সেটি মূলত পরীক্ষামূলক ব্যবহারের জন্য এবং বাতিল করা পুরাতন যানবাহন সংরক্ষণের কাজে ব্যবহৃত হতো। সেখানে গ্রাহকদের জন্য সরবরাহযোগ্য বা নতুন উৎপাদিত কোনো গাড়ি রাখা ছিল না।
ফলে বড় ধরনের বাণিজ্যিক ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে দাবি করেছে কোম্পানিটি। বিওয়াইডি নিশ্চিত করেছে যে নতুন উৎপাদন কার্যক্রমের কোনো ক্ষতি এই দুর্ঘটনায় হয়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকাণ্ডের সময় পুরো এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায় এবং আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, বহুতল ভবনটির একটি বড় অংশজুড়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
তাদের নিরলস প্রচেষ্টায় আগুন কারখানার প্রধান উৎপাদন লাইনে ছড়িয়ে পড়তে পারেনি। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফেরে।আন্তর্জাতিক বাজার বিশ্লেষকদের মতে, বিওয়াইডি বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতাদের একটি। তাদের প্রধান উৎপাদন কেন্দ্রে এমন অগ্নিকাণ্ডের খবর বিশ্ববাজারে কিছুটা উদ্বেগের সৃষ্টি করলেও কোম্পানিটি জানিয়েছে যে নিয়মিত উৎপাদন প্রক্রিয়ায় এর কোনো প্রভাব পড়বে না।
বর্তমানে আগুনের সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে শেনঝেন স্থানীয় প্রশাসন। প্রাথমিক ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক কোনো ত্রুটি বা পুরাতন ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত সুনির্দিষ্ট কোনো মন্তব্য করতে রাজি হয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন