এপ্রিল ২২, ২০২৬, ১১:০১ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের বিশেষ অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। বুধবার (২২ এপ্রিল) নির্ধারিত ১৪ দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে এই ঘোষণাটি এলো।
তবে যুদ্ধবিরতি চললেও ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কঠোরভাবে বলবৎ থাকবে বলে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন। খবর বিবিসির।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প উল্লেখ করেন যে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরের অনুরোধে তিনি এই মেয়াদ বাড়াতে রাজি হয়েছেন।
ট্রাম্পের ভাষায়, পাকিস্তানের নেতারা তাঁকে জানিয়েছেন যে ইরানের প্রতিনিধিরা একটি ঐক্যবদ্ধ ও গ্রহণযোগ্য প্রস্তাব নিয়ে আসতে চান এবং এর জন্য তাঁদের পর্যাপ্ত সময় প্রয়োজন। সেই কূটনৈতিক প্রচেষ্টাকে সুযোগ দিতেই মার্কিন সামরিক বাহিনীকে হামলা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে, তাঁর সামরিক বাহিনী যেকোনো পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত ও সক্ষম রয়েছে।এই সিদ্ধান্তের কয়েক ঘণ্টা আগেও ট্রাম্প যুদ্ধবিরতি না বাড়ানোর পক্ষে কড়া অবস্থান নিয়েছিলেন। হঠাৎ তাঁর এই অবস্থান পরিবর্তন বিশ্ব রাজনীতিতে বড় ধরণের নাটকীয়তা তৈরি করেছে। ট্রাম্পের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নিতে এই সিদ্ধান্ত অত্যন্ত ফলপ্রসূ হবে। অন্যদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও একে উত্তেজনা প্রশমনে একটি ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন।
এদিকে তেহরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ইরান সরকারের অবস্থান পরে বিস্তারিত জানানো হবে। উল্লেখ্য, গত ৭ এপ্রিল থেকে শুরু হওয়া এই ১৪ দিনের যুদ্ধবিরতি আজ বুধবার শেষ হওয়ার কথা ছিল। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান এই সংঘাত নিরসনে পাকিস্তান শুরু থেকেই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। দ্বিতীয় দফায় এই অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে বড় ধরণের সংঘাতের আশঙ্কা আপাতত কিছুটা হলেও প্রশমিত হলো।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন