মে ২, ২০২৬, ১১:৩২ এএম
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ এবং সমুদ্রবন্দরে অবরোধের মুখে থাকা ইরানের জন্য নিজেদের স্থল বাণিজ্য পথ খুলে দিয়েছে পাকিস্তান। এর ফলে এখন থেকে পাকিস্তানের ওপর দিয়ে ইরানের পণ্য পরিবহন বা ট্রানজিট সুবিধা পাওয়া যাবে। তেহরানের জন্য এ পদক্ষেপকে যুদ্ধে ক্ষতিগ্রস্ত অর্থনীতির এক বড় ধরনের স্বস্তি হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
দীর্ঘদিন ধরে চলা সংঘাতের ফলে ইরানের সামুদ্রিক বাণিজ্য কার্যত স্থবির হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের এই সিদ্ধান্ত দুই দেশের বাণিজ্য সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এই পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনার ঝড় উঠেছে।
বিশেষ করে যুক্তরাষ্ট্র যখন ইরানকে অর্থনৈতিকভাবে চাপে রাখার সর্বোচ্চ চেষ্টা করছে, তখন পাকিস্তানের এই সুবিধা প্রদান ওয়াশিংটনের প্রচেষ্টাকে কতটা দুর্বল করে দেবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে আঞ্চলিক অর্থনীতিতে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। পাকিস্তান তেহরানকে এই ট্রানজিট সুবিধা দেওয়ায় ইরানের পণ্য এখন এশিয়া ও পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে সহজে পৌঁছাতে পারবে। এটি যুদ্ধের কারণে বিপর্যস্ত ইরানি অর্থনীতিকে কিছুটা অক্সিজেন জোগাবে।তবে ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের সম্পর্কে এর প্রভাব কী হবে, তা নিয়ে সংশয় রয়েছে।
যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে পাকিস্তানের একটি বড় মিত্র। তেহরানকে এমন সুবিধা দেওয়ায় ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের নতুন কোনো টানাপোড়েন তৈরি হয় কি না, সেটিই এখন দেখার বিষয়। এছাড়া যুদ্ধ বন্ধে পাকিস্তানের মধ্যস্থতায় যে আলোচনা চলছে, সেখানেও এই সিদ্ধান্তের কোনো নেতিবাচক প্রভাব পড়ে কি না, তা নিয়ে বিশ্লেষণ চলছে।ইসলামাবাদ অবশ্য এই পদক্ষেপকে তাদের প্রতিবেশী সুলভ আচরণ এবং আঞ্চলিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার অংশ হিসেবে দাবি করছে। ইরানের পক্ষ থেকেও পাকিস্তানের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানানো হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন