মে ২, ২০২৬, ০১:৫৮ পিএম
শান্তি আলোচনা অচলাবস্থায় পড়ার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইরান। ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টার খাতাম আল-আম্বিয়ার কর্মকর্তা মোহাম্মদ জাফর আসাদি এ তথ্য জানিয়েছেন। শুক্রবার (১ মে) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই সতর্কবার্তা দেন।
মোহাম্মদ জাফর আসাদি জানান, সশস্ত্র বাহিনী আমেরিকানদের যেকোনো নতুন দুঃসাহসিকতার জবাব দিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে। তাঁর মতে, মার্কিন কর্মকর্তাদের সাম্প্রতিক পদক্ষেপ ও বক্তব্য মূলত গণমাধ্যমনির্ভর।
আসাদি দাবি করেন, তেলের দাম কমে যাওয়া ঠেকানো এবং মধ্যপ্রাচ্যে তারা যে সংকট তৈরি করেছে সেখান থেকে নিজেদের বের করে আনার লক্ষ্যেই যুক্তরাষ্ট্র এসব কাজ করছে।অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর বিষয়ে নেতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন।
শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি না হলেও যুক্তরাষ্ট্র সম্ভবত আরও ভালো অবস্থায় থাকতে পারে। তাঁর মতে, এই বিষয়টি দীর্ঘ সময় ধরে চললেও বর্তমান অবস্থায় তিনি সন্তুষ্ট নন।ইরানের পক্ষ থেকে আসা নতুন প্রস্তাবের কোন বিষয়গুলোতে ডোনাল্ড ট্রাম্পের আপত্তি রয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। তবে চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে ইরানের সক্ষমতা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন।
ট্রাম্পের ভাষ্যমতে, ইরান একটি চুক্তির দিকে এগিয়েছে ঠিকই, কিন্তু তারা আদৌ লক্ষ্যে পৌঁছাতে পারবে কি না তা নিশ্চিত নয়।আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, দুই দেশের এমন পাল্টাপাল্টি অবস্থানে মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনা এখন বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে। বিশেষ করে ইরান যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুতি ঘোষণার পর এই অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন