বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে দুঃসংবাদ

আন্তর্জাতিক ডেস্ক

মে ৪, ২০২৬, ১০:০৩ এএম

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে দুঃসংবাদ

হরমুজ প্রণালিতে জাহাজ

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে মার্কিন নৌবাহিনীর সীমাবদ্ধতার কথা জানিয়েছেন অবসরপ্রাপ্ত মেরিন কোর স্পেশাল অপারেশন বিশেষজ্ঞ জোনাথন হ্যাকেট। তিনি বলেন, প্রণালিতে আটকে পড়া শত শত বাণিজ্যিক জাহাজকে পাহারা দিয়ে পার করে নেওয়ার মতো পর্যাপ্ত সরঞ্জাম যুক্তরাষ্ট্রের নেই।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যাকেট জানান, বর্তমানে মাত্র ১২টির মতো মার্কিন নৌযান রয়েছে যা এই জাহাজগুলোকে সুরক্ষা দিতে সক্ষম। অথচ যুদ্ধ শুরুর আগে এই প্রণালি দিয়ে প্রতিদিন ১০০টির বেশি বাণিজ্যিক জাহাজ যাতায়াত করত। 

বর্তমান পরিস্থিতিতে বিপুল সংখ্যক জাহাজকে নিরবচ্ছিন্ন নিরাপত্তা দেওয়া কার্যত অসম্ভব বলে তিনি মনে করেন।জোনাথন হ্যাকেট সমুদ্রসীমায় দুটি প্রধান বিপদের কথা উল্লেখ করেছেন। 

এর মধ্যে প্রথমটি হলো সমুদ্র মাইন। হ্যাকেট জানান, গত বছর যুক্তরাষ্ট্র তার সব মাইন অপসারণকারী বা মাইন-সুইপিং জাহাজ সরিয়ে নিয়েছে। বর্তমানে কিছু রূপান্তরিত জাহাজ দিয়ে সীমিত পরিসরে কাজ চালানো হলেও এ কাজের জন্য বিশেষায়িত কোনো জাহাজ সেখানে নেই।দ্বিতীয়ত তিনি ইরানের নৌ সক্ষমতার বিষয়টি সামনে এনেছেন। 

মার্কিন প্রশাসন ইরানের নৌবাহিনী ধ্বংস হওয়ার দাবি করলেও হ্যাকেট তা নাকচ করে দেন। তিনি জানান, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কাছে শত শত ছোট ও দ্রুতগতির আক্রমণকারী নৌকা রয়েছে। এই নৌকাগুলো প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোকে যেকোনো সময় বাধাগ্রস্ত বা হয়রানি করতে সক্ষম।

এ ছাড়া বীমা সংস্থাগুলোর ঝুঁকি নেওয়ার বিষয়টিও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। হ্যাকেট বলেন, পথটি যদি সাময়িকভাবে নিরাপদও হয়, তবুও বীমা কোম্পানিগুলো কোটি কোটি ডলারের সম্পদ এবং ক্রুদের জীবনের ঝুঁকি নিয়ে সেখানে জাহাজ চলাচলের অনুমতি দেবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। এমনকি যুক্তরাষ্ট্র জাহাজ পাহারার জন্য প্রস্তুত থাকলেও অনেক জাহাজ মালিক এই ঝুঁকিপূর্ণ পথ ব্যবহার করতে আগ্রহী নাও হতে পারেন।