মে ১৩, ২০২৬, ১০:২৮ এএম
হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌচলাচল পুনরায় চালু করার লক্ষ্যে পাকিস্তানকে মধ্যস্থতা জোরদারের আহ্বান জানিয়েছে চীন। বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে ইসলামাবাদকে আরও সক্রিয় ভূমিকা পালনের তাগিদ দিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
চীনা বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, সম্প্রতি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে এক টেলিফোন আলাপে ওয়াং ই এই আহ্বান জানান। ফোনালাপে ইসহাক দার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে ইসলামাবাদের সাম্প্রতিক কূটনৈতিক উদ্যোগগুলো সম্পর্কে বেইজিংকে অবহিত করেন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এই উদ্যোগে চীনের অব্যাহত সমর্থনের জন্য বেইজিংকে ধন্যবাদ জানান। একই সঙ্গে সংকট নিরসনে দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয় ও সহযোগিতার আশা প্রকাশ করেন তিনি।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের মধ্যস্থতামূলক ভূমিকার প্রশংসা করে বলেন, ইসলামাবাদের এই প্রচেষ্টা বর্তমান পরিস্থিতিতে অস্থায়ী যুদ্ধবিরতি সম্প্রসারণে সহায়ক হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পাকিস্তান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় আত্মবিশ্বাসের সঙ্গে তাদের কূটনৈতিক কার্যক্রম অব্যাহত রাখবে।
উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ। বেইজিং জানিয়েছে, তারা পাকিস্তানের এই মধ্যস্থতা প্রচেষ্টাকে নীতিগত সমর্থন দিয়ে যাবে এবং এই আন্তর্জাতিক সংকট নিরসনে চীন নিজেও নিজস্ব কূটনৈতিক ভূমিকা পালন করবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন