রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নায়িকা তৃষার জন্য নিয়ম পাল্টালেন মুখ্যমন্ত্রী বিজয়

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৩, ২০২৬, ০৪:২৮ পিএম

নায়িকা তৃষার জন্য নিয়ম পাল্টালেন মুখ্যমন্ত্রী বিজয়

তৃষার জন্য নিয়ম বদলালেন বিজয়

দক্ষিণী অভিনেত্রী তৃষার মুক্তি পেতে যাওয়া নতুন সিনেমা ‘কারুপ্পু’ উপলক্ষে বিশেষ ঘোষণা দিয়েছেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। বুধবার (১৩ মে) আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, এতদিন তামিলনাড়ুতে খুব ভোরের বা সকালের বিশেষ শো প্রদর্শনের অনুমতি ছিল না। তবে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই সিনেমার শো শুরুর এই নিয়মে পরিবর্তন এনেছেন বিজয়। সিদ্ধান্ত অনুযায়ী, ‘কারুপ্পু’ সিনেমার মুক্তির দিন থেকেই তামিলনাড়ুতে প্রথম শো শুরু হবে সকাল ৯টায়।

নতুন এই সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। অনেকেই বিষয়টিকে তামিল চলচ্চিত্রের জন্য একটি ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন। বিজয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নেটিজেনরা সামাজিক মাধ্যমে বিভিন্ন মন্তব্য করেছেন।

একজন ভক্ত মজা করে লিখেছেন যে, চাইলে সকাল ৪টা বা ৬টার শোর অনুমতিও চাওয়া যেত। অন্য এক ভক্ত লিখেছেন, তামিল সিনেমার ইতিহাসে প্রথমবার সকাল ৯টায় শো দেখানো হবে, এর জন্য ধন্যবাদ বিজয় আন্না। আবার কেউ কেউ বিজয়ের এই সাফল্যকে তাঁর দীর্ঘ পথচলার সার্থকতা হিসেবেও উল্লেখ করেছেন।

এদিকে বিজয় ও তৃষার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘ দিন ধরে তাদের মাঝে প্রেমের গুঞ্জন থাকলেও নতুন এই প্রশাসনিক সিদ্ধান্ত সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে বলে মনে করছেন অনেকে। উল্লেখ্য, তামিলনাড়ু নির্বাচনের ফল ঘোষণার দিনটি ছিল অভিনেত্রী তৃষার জন্মদিন। সেদিন তাঁকে মন্দিরে প্রার্থনা করতে দেখা গিয়েছিল। ভক্তদের ধারণা, জন্মদিনের পাশাপাশি তিনি বিজয়ের রাজনৈতিক সফলতার জন্যও প্রার্থনা করেছিলেন।

সম্প্রতি মুখ্যমন্ত্রী হিসেবে বিজয় ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়ে আলোচনায় এসেছিলেন। এর পাশাপাশি নিয়োগকাণ্ড নিয়ে কিছুটা বিতর্কের মুখেও পড়তে হয়েছিল তাঁকে। তবে সব বিতর্ক ছাপিয়ে তামিল সিনেমার প্রদর্শনীতে পরিবর্তনের এই নতুন সিদ্ধান্তটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। মূলত তৃষার সিনেমার মাধ্যমেই এই নতুন নিয়ম কার্যকর হতে যাচ্ছে।