মে ১৩, ২০২৬, ০৫:০২ পিএম
তামিলনাডু বিধানসভায় আস্থা ভোটে জয়ী হয়েছেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। বুধবার (১৩ মে) অনুষ্ঠিত এই ভোটাভুটিতে তাঁর পক্ষে ১৪৪ জন বিধায়ক ভোট দেন। এর ফলে তাঁর সরকার পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান সব আইনি ও রাজনৈতিক বাধা দূর হলো।যদিও থালাপতি বিজয় আগেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন, তবে ২৩৪ আসনের বিধানসভায় স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১১৮টি আসন তাঁর দলের হাতে ছিল না।
ফলে সরকার টিকিয়ে রাখতে অন্যান্য দলের সমর্থনের প্রয়োজন ছিল। এই পরিস্থিতিতে বিধানসভায় আস্থা ভোটের নির্দেশ দিয়েছিলেন গভর্নর।বিধানসভা সূত্র জানায়, বুধবার ভোটাভুটির আগেই এমকে স্ট্যালিনের নেতৃত্বাধীন দ্রাবিড় মুনেত্র কাজগম (ডিএমকে)-এর ৫৯ জন বিধায়ক কক্ষ ত্যাগ করেন। শেষ পর্যন্ত ভোটাভুটিতে বিজয়ের বিপক্ষে ভোট পড়ে মাত্র ২২টি।
প্রয়োজনীয় আসনের চেয়ে অনেক বেশি ভোট পাওয়ায় বিজয়ের সরকারের স্থিতিশীলতা নিশ্চিত হয়েছে।থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্টিরি কাজাগাম (টিভিকে)-এর নিজস্ব বিধায়ক সংখ্যা ১০৮।
তবে সরকার গঠনে তাঁকে সমর্থন দেওয়ার কথা আগেই জানিয়েছিল কংগ্রেস, বামপন্থী দলগুলো এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ। বুধবার আস্থা ভোটের সময় এই দলগুলোর বিধায়করা টিভিকে-র পক্ষেই ভোট দেন।পরিষদীয় রীতি অনুযায়ী, নির্বাচনের পর কোনো একক দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে বা সমর্থনে সংশয় থাকলে গভর্নর আস্থা ভোটের নির্দেশ দেন।
সেই নিয়ম মেনেই বুধবার তামিলনাডু বিধানসভায় এই ভোট গ্রহণ করা হয়। এই জয়ের পর থালাপতি বিজয় তাঁর মন্ত্রিসভার কার্যক্রম পূর্ণ উদ্যমে শুরু করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। আজকের এই জয়ের মাধ্যমে বিধানসভায় তাঁর নেতৃত্ব মজবুত হলো।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন