রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিজয়ের সরকার ছয় মাসের বেশি টিকবে না

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৮, ২০২৬, ১১:৪৯ এএম

বিজয়ের সরকার ছয় মাসের বেশি টিকবে না

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থালাপতির নতুন প্রশাসন নিয়ে কড়া সমালোচনা করে বলা হয়েছে বিজয়ের সরকার ছয় মাসও টিকবে না। রোববার দক্ষিণ তামিলনাড়ুতে আয়োজিত এক অনুষ্ঠানে দ্রাবিড়া মুন্নেত্র কাজাগম বা ডিএমকে দলের জ্যেষ্ঠ নেতা ও তিরুচেন্দুরের বিধায়ক অনিথা রাধাকৃষ্ণন সরাসরি এই দাবিটি করেন। তিনি বলেন, এই জোট সরকার চার থেকে ছয় মাসের বেশি কোনোভাবেই টিকবে না।

বক্তব্যের একপর্যায়ে তিনি তামিলগা ভেট্ট্রি কাজাগম বা টিভিকের জ্যেষ্ঠ নেতা আধব অর্জুনকে একটি প্রকাশ্য রাজনৈতিক চ্যালেঞ্জ ছুড়ে দেন।রাধাকৃষ্ণন বলেন, সাহস থাকলে তিনি নিজের বিধায়ক পদ ছেড়ে তিরুচেন্দুরে এসে সরাসরি আমাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করুন। 

এই এলাকাটি সম্পূর্ণ আমাদের এবং এখানে আমরা যেকোনো প্রতিপক্ষকে খুব সহজেই হারিয়ে দিতে পারি। তিরুচেন্দুর আসনটি দীর্ঘ দিন ধরে রাধাকৃষ্ণনের অন্যতম শক্তিশালী রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত যেখানে তিনি ২০০১ সাল থেকে একাধিকবার টানা জয়ী হয়ে আসছেন।

বক্তৃতায় তিনি নিজের দলীয় প্রধান এম কে স্ট্যালিনের প্রশংসা করে উল্লেখ করেন যে স্ট্যালিন নিজের কেন্দ্র কোলাথুরকে উন্নত করেছেন। কয়েক মাস বা বছরের মধ্যে আমাদের নেতাই আবার মুখ্যমন্ত্রী হবেন। বিজয় থালাপতির পক্ষ থেকে এখন পর্যন্ত এই মন্তব্যের কোনো পাল্টা প্রতিক্রিয়া বা আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি।টিভিকে বা আধব অর্জুনও সম্পূর্ণ নীরব আছেন।

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজয়ের সরকার গঠনের আগে ৩৪ আসনের বিধানসভায় ১০৮টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছেছিল তাদের দল। পরবর্তীতে কয়েকটি ছোট আঞ্চলিক দল ও অন্যান্য শরিকদের দেওয়া প্রকাশ্য সমর্থনের ওপর ভিত্তি করেই মূলত তামিলনাড়ুর শাসনভার গ্রহণ করে টিভিকে জোট।

তথ্যসূত্র: এনডিটিভি