বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পর ফ্রান্সে সহিংসতা, গ্রেপ্তার চার শতাধিক

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৩১, ২০২৬, ১২:০৩ পিএম

চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পর ফ্রান্সে সহিংসতা, গ্রেপ্তার চার শতাধিক

আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে প্যারিস সেইন্ট-জার্মেইয়ের (পিএসজি) ঐতিহাসিক জয়ের পর ফ্রান্সজুড়ে ফুটবল সমর্থক ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ভয়াবহ সহিংসতা ও দাঙ্গার জেরে দেশটিতে চার শতাধিক মানুষকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানী প্যারিসে বাস ও ট্রেনসহ বিভিন্ন গণপরিবহন ও রেলসেবা মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাজার হাজার অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল।

উচ্ছৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বিভিন্ন স্থানে টিয়ার গ্যাস নিক্ষেপ করতে হয়েছে।পিএসজির টানা দ্বিতীয় শিরোপা জয়ের পর বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসেন হাজার হাজার উগ্র সমর্থক। তারা বিভিন্ন স্থানে আতশবাজি ও ফ্লেয়ার জ্বালিয়ে আনন্দ প্রকাশ করার একপর্যায়ে তা চরম বিশৃঙ্খলায় রূপ নেয়। 

দাঙ্গাকারীরা রাস্তায় থাকা অসংখ্য ইলেকট্রিক বাইকে আগুন ধরিয়ে দেয় এবং অন্তত একটি বড় দোকানের সামনের কাচ ভাঙচুর করে। ফরাসি পুলিশ জানিয়েছে, এই তাণ্ডবের সময় কয়েকটি যানবাহন, দুটি ব্যবসা প্রতিষ্ঠান এবং একটি বাস শেল্টার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উন্মত্ত জনতার হামলায় অন্তত সাতজন পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার ভোরে দেশজুড়ে মোট ৪১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।আটককৃতদের মধ্যে ২৮০ জনই রাজধানী প্যারিসের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন। প্যারিসের পুলিশ প্রধান লঁরা নুনিয়াজ এই বিশৃঙ্খলাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছেন। এদিকে এই ঘটনা নিয়ে দেশটির অভ্যন্তরীণ বা রাজনীতিতেও তীব্র সমালোচনা শুরু হয়েছে। কট্টর ডানপন্থি ফরাসি নেতা মারিন লে পেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন যে কেবল ফ্রান্সেই একটি ফুটবল ক্লাবের জয় এমন ভয়াবহ দাঙ্গার জন্ম দেয় এবং বিজয়ের সন্ধ্যায় সাধারণ মানুষকে ঘরের মধ্যে নিজেদের বন্দি রাখতে হয়।

বুদাপেস্টে অনুষ্ঠিত ফাইনালে আর্সেনালের সাথে ১-১ গোলে ড্র করার পর এক স্নায়ুক্ষয়ী পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে জয় পায় পিএসজি। এর মাধ্যমে তারা ইউরোপীয় ফুটবলের ইতিহাসে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয় করে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখল। তবে ফুটবলকে কেন্দ্র করে ফ্রান্সে এটি টানা দ্বিতীয় বছরের মতো বড় সহিংসতা। এর আগে ২০২৫ সালেও ফরাসি দলটির জয়কে কেন্দ্র করে শুরু হওয়া উদযাপন প্রাণঘাতী রূপ নিয়েছিল, যেখানে দুইজনের মৃত্যু হয়।

বিবিসি বাংলা