রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শর্তসাপেক্ষ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে লেবানন ও ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৪, ২০২৬, ১০:৩৫ এএম

শর্তসাপেক্ষ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে লেবানন ও ইসরায়েল

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত এক আলোচনার পর শর্তসাপেক্ষ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও লেবানন। গত বুধবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দুই দেশ এই তথ্য জানায়।তবে এটি কার্যকর হওয়া নির্ভর করছে ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর হামলা বন্ধের ওপর।

যুদ্ধবিরতির শর্ত হিসেবে হিজবুল্লাহকে সব ধরনের আক্রমণ থামিয়ে দক্ষিণ লেবানন থেকে সরে যেতে হবে। দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা এই সমঝোতায় পৌঁছেছে। চুক্তি অনুযায়ী পরীক্ষামূলক কিছু এলাকা গঠন করা হবে।

এসব এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে লেবাননের সশস্ত্র বাহিনীর হাতে এবং সেখানে অন্য কোনো সশস্ত্র গোষ্ঠী থাকতে পারবে না।কিন্তু সমঝোতার দিনেও সীমান্তে সংঘাত অব্যাহত ছিল। ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলার দাবি করেছে হিজবুল্লাহ। অন্যদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন।

সংঘাত নিরসনে ওয়াশিংটনের এই বৈঠককে ইসরায়েল ও লেবাননের মধ্যে চতুর্থ দফার সরাসরি আলোচনা হিসেবে ধরা হচ্ছে। একটি পূর্ণাঙ্গ চুক্তির লক্ষ্যে আগামী ২২ জুনের পর দুই পক্ষ আবারও আলোচনায় বসবে।