বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

মাস্কের এক লাখ কোটি ডলার আসলে কত টাকা ও কী কী সম্ভব

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৩, ২০২৬, ০২:৫৬ পিএম

মাস্কের এক লাখ কোটি ডলার আসলে কত টাকা ও কী কী সম্ভব

ধনকুবের ইলন মাস্ক

মার্কিন রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স আন্তর্জাতিক শেয়ারবাজারে যাত্রা শুরুর পরপরই বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার বা লাখ কোটিপতি হওয়ার ঐতিহাসিক গৌরব অর্জন করেছেন প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিত্ব ইলন মাস্ক। মার্কিন সাময়িকী ফোর্বসের সর্বশেষ হিসাব অনুযায়ী স্পেসএক্সের দুর্দান্ত অভিষেকের পর তাঁর মোট সম্পদের পরিমাণ এখন ১ লাখ ১০ হাজার কোটি ডলারে পৌঁছেছে। 

বর্তমান বিশ্বের গুটিকয় বড় দেশের মোট দেশজ উৎপাদন বা বিশাল ঋণের ক্ষেত্র ছাড়া এর আগে এত বড় সংখ্যার ব্যবহার আর কোথাও দেখা যায়নি।একজনের হাতে এত বিপুল পরিমাণ সম্পদ থাকার ঘটনা বৈশ্বিক বৈষম্যের এক চরম উদাহরণ।বর্তমানে এক মার্কিন ডলারের বিনিময় মূল্য দেশীয় বাজারে প্রায় ১২৩ টাকা এবং সেই হিসাব অনুযায়ী এক লাখ কোটি ডলার সমান বাংলাদেশের প্রায় ১২৩ লাখ কোটি টাকা। 

এই বিশাল পরিমাণ কাগজের নোট যদি একটার পর একটা লম্বালম্বিভাবে সাজানো হয় তবে তা পৃথিবী থেকে চাঁদে দুইশত বারের বেশি যাতায়াতের সমান দূরত্ব অতিক্রম করবে। এমনকি এই ডলারের বিস্তৃতি পৃথিবী থেকে সূর্যের মধ্যকার প্রায় ১৫ কোটি কিলোমিটারের দূরত্বকেও অনায়াসে ছাড়িয়ে যাবে। মার্কিন সেনসাস ব্যুরোর তথ্যমতে বিশ্বের প্রায় ৮২০ কোটি মানুষের মধ্যে এই অর্থ সমানভাগে ভাগ করে দিলে প্রত্যেকে প্রায় ১৫ হাজার টাকা করে পাবেন।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ২০২৬ সালের পরিসংখ্যান অনুযায়ী ইলন মাস্কের এই এক ট্রিলিয়ন ডলারের সম্পদ তাঁর জন্মভূমি দক্ষিণ আফ্রিকার বার্ষিক মোট দেশজ উৎপাদনের দ্বিগুণেরও বেশি। বর্তমানে বিশ্বের মাত্র ২১টি দেশ এই বিশাল অঙ্কের জিডিপির গণ্ডি পার করতে পেরেছে যেখানে ৩২ ট্রিলিয়ন ডলারের বেশি অর্থনীতি নিয়ে সবার শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই বিপুল অর্থ দিয়ে আমেরিকায় একসঙ্গে প্রায় ২৫ লাখ মাঝারি মানের বাড়ি কিনে নেওয়া সম্ভব। এছাড়া বর্তমান বাজারে এই টাকা দিয়ে ২৪ হাজার ৩০০ কোটি গ্যালন জ্বালানি তেল কেনা যাবে যা দিয়ে পুরো যুক্তরাষ্ট্রের সব গাড়ি টানা দুই বছর চালানো সম্ভব।

বর্তমানে ফোর্বসের তালিকায় মাস্কের ঠিক পেছনে থাকা পরবর্তী চার শীর্ষ ধনকুবেরের মোট সম্পত্তি একত্রে যোগ করলে তা এক ট্রিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছাবে। গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন, অ্যামাজনের জেফ বেজোস এবং ওরাকলের ল্যারি এলিসনের সম্মিলিত সম্পদের মোট পরিমাণ ১ দশমিক শূন্য ৫ ট্রিলিয়ন ডলার। তবে শেয়ারবাজারের নিয়মিত ওঠানামার কারণে এই ধনকুবেরদের সম্পদের পরিমাণ যেকোনো মুহূর্তে বদলে যেতে পারে। স্পেসএক্সের নতুন আইপিও বাজারে আসার সুবাদে মাস্কের সম্পত্তি এখন রকেটের গতিতে বেড়ে এই চূড়ায় গিয়ে ঠেকেছে।

তথ্যসূত্র: এপি