জুলাই ২, ২০২৬, ০৯:৫৪ এএম
আফগানিস্তানে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার রাত ১০টা ২৭ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয়। ভারতীয় ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।এটি একটি মাঝারি মাত্রার ভূকম্পন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বিবৃতিতে জানানো হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বাদাখশানের জুর্ম জেলায়। ভৌগোলিক অবস্থানের কারণে আফগানিস্তান বরাবরই ভূমিকম্পপ্রবণ এলাকা। এখানে প্রায়ই ভূকম্পন অনুভূত হয়, যার অনেকগুলোই মাঝারি থেকে উচ্চ মাত্রার হয়ে থাকে।
গত সপ্তাহেও আফগানিস্তানে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছিল। গত ২৭ জুন ৬ দশমিক ২ মাত্রার সেই ভূমিকম্পেও কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এর আগে ২০২৫ সালের ৩ নভেম্বর বাদাখশানসহ বিভিন্ন অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৭ জন নিহত এবং ১৫০ জন আহত হয়েছিলেন। সেটি ছিল বিগত সময়ে হওয়া অন্যতম প্রাণঘাতী ভূমিকম্প।তবে এবারের ভূমিকম্পের পর এখন পর্যন্ত বড় ধরনের কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন