জুলাই ৫, ২০২৬, ১০:৫৮ পিএম
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো মতবিরোধ নেই বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, দুই নেতা একই লক্ষ্য অর্জনে কাজ করছেন এবং ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেওয়া হবে না। রোববার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এই মন্তব্য করেন।
নেতানিয়াহু বলেন, ট্রাম্প ও তার মধ্যে কোনো ফাটল নেই। ৯৯ শতাংশ ক্ষেত্রেই তাদের অবস্থান এক। তিনি উল্লেখ করেন, ট্রাম্প আমেরিকার জন্য যা ভালো তাই করেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে তিনি নিজের দেশের স্বার্থে কাজ করেন। ঘনিষ্ঠ বন্ধুত্বের মতো কখনো কখনো মতপার্থক্য হলেও খোলামেলা আলোচনার মাধ্যমে তারা সমাধান করেন।
আগামী সপ্তাহে ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে নেতানিয়াহুর। তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র বা তা তৈরির সক্ষমতা অর্জন থেকে বিরত রাখাকে উভয়ের অভিন্ন লক্ষ্য হিসেবে অভিহিত করেন। ইরানের সঙ্গে চলমান সমঝোতা স্মারক নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
তেহরানে খামেনির জানাজা প্রসঙ্গে তিনি দাবি করেন, সেখানে আমেরিকার মৃত্যু ও ট্রাম্পকে হত্যার স্লোগান দেওয়া হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল এবং ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন