আগস্ট ৪, ২০২৬, ১১:৫২ এএম
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে প্রাণ বাঁচাতে ৬৫ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে গেছেন। আমেরিকান রেড ক্রস জানিয়েছে, আগুনে এখন পর্যন্ত প্রায় ৭০০ বাড়িঘর সম্পূর্ণ পুড়ে গেছে।সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে স্পোকেন কাউন্টি এলাকায়।
স্পোকেন কাউন্টিতে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। কর্মকর্তারা ধারণা করছেন, ওল্ড ট্রেইলস ফায়ার নামের বড় একটি অগ্নিকাণ্ডের পেছনে তার হাত রয়েছে। এদিকে শত শত দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে দিনরাত কাজ করছেন। কিছু এলাকায় আবহাওয়া কিছুটা অনুকূলে আসায় আগুন নেভানোর কাজে সামান্য অগ্রগতি দেখা গেছে।
গত শনিবার থেকে শুরু হওয়া স্পোকেন ও স্টিভেন্স কাউন্টির আগুনে এরই মধ্যে প্রায় ৮ হাজার একর বা ৩ হাজার ২০০ হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে। ওয়াশিংটনের অন্যান্য অংশেও পরিস্থিতি বেশ ভয়াবহ। বজ্রপাত থেকে সূত্রপাত হওয়া সিনলাহেকিন দাবানলে ভস্মীভূত হয়েছে প্রায় ৮৫ হাজার একর বনভূমি, যা নেভাতে কাজ করছেন ৮২০ জনের বেশি কর্মী।
ওকানোগান-ওয়েনাচি জাতীয় বনের লিটল জায়ান্ট ফায়ার নামের আরেক দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫১ হাজার একরেরও বেশি এলাকা।দীর্ঘদিনের খরা এবং চরম শুষ্ক আবহাওয়ার কারণে এবারের দাবানল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তীব্র গরম বাতাস আগুনকে আরও দ্রুত ছড়িয়ে পড়তে সাহায্য করছে বলে জানিয়েছে জরুরি ব্যবস্থাপনা দল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন