রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রাশিয়া ও ইউক্রেনে পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ৪, ২০২৬, ০২:৩২ পিএম

রাশিয়া ও ইউক্রেনে পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬

ছবি : সংগৃহীত

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় এক দিনেই অন্তত ছাব্বিশ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাশিয়ায় পনেরো জন এবং ইউক্রেনে এগারো জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে বেসামরিক এলাকায় হামলার অভিযোগ তুললেও ইচ্ছাকৃত প্রাণহানির দায় অস্বীকার করেছে।গতকাল সোমবার এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে।

রুশ প্রশাসনের তথ্য অনুযায়ী, ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় ক্রাসনোদার, বেলগোরোদ ও ক্রিমিয়ায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের আরখিপো-ওসিপোভকায় হামলায় তিন শিশুসহ সাতজন নিহত ও প্রায় চল্লিশ জন আহত হন। একই দিনে ক্রিমিয়ায় পৃথক হামলায় চারজন এবং সীমান্তঘেঁষা বেলগোরোদে আরও চারজন নিহত হয়েছেন।

অন্যদিকে ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের কৃভি রিহ জেলায় একটি পেট্রোল স্টেশনে রুশ ড্রোন আঘাত হানে। এতে এক জরুরি পরিষেবাকর্মী ও তার আট বছর বয়সী ছেলেসহ তিনজন প্রাণ হারান। স্থানীয় গভর্নর ওলেক্সান্দর হানঝা জানান, হামলার পর ওই স্টেশনে আগুন ধরে যায় এবং আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়া রাতেই জাপোরিজ্জিয়া অঞ্চলে রুশ হামলায় দুই শিশুসহ আরও আটজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

আড়াই বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে সাম্প্রতিক মাসগুলোতে বেসামরিক প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর মধ্যেই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলের বিলিই কোলোদিয়াজ ও উস্পেনিভকা নামে দুটি বসতি এখন রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং ন্যাটোর সদস্যপদ নিয়ে দীর্ঘদিনের উত্তেজনার জেরে ২০২২ সালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে এই সংঘাত শুরু হয়। দেশ দুটির মধ্যে সেই রক্তক্ষয়ী যুদ্ধ আজও অব্যাহত রয়েছে।