রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সৌদি আরবের সোফা কারখানায় ভয়াবহ আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ১০, ২০২৬, ১০:১৯ এএম

সৌদি আরবের সোফা কারখানায় ভয়াবহ আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন বাংলাদেশি প্রবাসী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরের দিকে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আগুন এতটাই তীব্র ছিল যে নিহতদের মরদেহগুলো মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীদের জন্য প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা বেশ কঠিন হয়ে পড়েছে।

নিহতদের মধ্যে নওগাঁ জেলার আত্রাই উপজেলার ১০ জন এবং নাটোরের নলডাঙ্গা উপজেলার ৩ জন রয়েছেন বলে জানা গেছে।আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানিয়েছেন যে শুরুতে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে সেই সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আত্রাই উপজেলার নিহতদের মধ্যে রয়েছেন বিশা গ্রামের সাগর ও মজিদুল, উদনপৈ গ্রামের ফরিদ শেখ, এবং ডুবাই গ্রামের সুমন ও হাসিবুল হাসান। এছাড়া গন্ডগোহালি গ্রামের মহুন প্রামাণিক, সুমন প্রামাণিক, রুবেল হোসেন, কলি প্রামাণিক এবং পারকাসুন্দা গ্রামের আবদুল জলিলের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় প্রশাসন আশঙ্কা প্রকাশ করেছে।অন্যদিকে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের চেয়ারম্যান মো. সোহরাব হোসেন জানিয়েছেন যে তার এলাকার ৩ জন বাসিন্দা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তারা হলেন খাজুরা শ্রীপুরপাড়া এলাকার সাব্বির হোসেন সোহাগ, দিঘীর পাড় এলাকার শামীম হোসেন এবং মহিষডাঙ্গা এলাকার রবিউল আওয়াল হৃদয়। রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মীরা হতাহতদের প্রকৃত সংখ্যা ও পরিচয় শতভাগ নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। 

চূড়ান্ত তথ্য পাওয়ামাত্রই তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানিয়েছেন।নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় আইনি ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জরুরি নির্দেশ দেওয়া হয়েছে। দূতাবাসের মাধ্যমে সৌদির দুর্ঘটনাস্থল ও হাসপাতালের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে।