আগস্ট ১২, ২০২৬, ১০:০৬ এএম
দ্বিপাক্ষিক সম্পর্ক সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি সহায়ক পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করে ঢাকার পক্ষ থেকে পাঠানো বার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পৌঁছে দিয়েছেন দেশটিতে নিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বাংলাদেশের সরকারপ্রধানসহ বিভিন্ন উচ্চপর্যায়ের নীতিনির্ধারকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শেষ করার পর সম্প্রতি নয়াদিল্লিতে ফিরে ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এই গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন করেন তিনি।
কূটনৈতিক সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।আলোচনায় দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বিদ্যমান সংবেদনশীল ও দীর্ঘস্থায়ী বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ভারতীয় সংসদ ভবনে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর প্রায় এক ঘণ্টা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের বহুমাত্রিক সম্পর্ককে জনকল্যাণমুখী ও গঠনমূলক উপায়ে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও পরামর্শ চাওয়া হয়েছে। ঢাকা সফরকালে বাংলাদেশের পক্ষ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের যে তাগিদ অনুভূত হয়েছে, তা সরাসরি ভারতীয় শীর্ষ নেতৃত্বকে অবহিত করাই ছিল এই বৈঠকের মূল উদ্দেশ্য।
মোদি সরকারের তরফ থেকে প্রয়োজনীয় নির্দেশনা পাওয়ার পর তা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানিয়ে দ্বিপাক্ষিক যোগাযোগ আরও সুদৃঢ় করা হবে বলে আশা করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন