আগস্ট ১৭, ২০২৬, ১১:৪৩ এএম
ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ মন্দিরের সংলগ্ন একটি হোটেল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ছয়জন পুণ্যার্থী নিহত হয়েছেন। এছাড়া অগ্নিকাণ্ডের কারণে সৃষ্ট ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে ও দগ্ধ হয়ে আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার ভোর চারটার দিকে তারাপীঠ মন্দিরের ঠিক সামনে অবস্থিত ‘বিদেশিনী’ নামের পাঁচতলা ওই হোটেলে এই দুর্ঘটনা ঘটে। সেই সময় হোটেলের অধিকাংশ অতিথি ও তাদের পরিবার গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। প্রাথমিক তথ্যানুযায়ী, হোটেলটির নিচতলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে আগুন ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে।
হোটেলের নিরাপত্তারক্ষীরা আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে এবং অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রanের চেষ্টা চালান। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পুরো ভবন বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। ঘর থেকে বের হওয়ার সুনির্দিষ্ট পথ খুঁজে না পেয়ে অনেক অতিথি বিভিন্ন কক্ষে আটকা পড়েন। খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধারকাজ পরিচালনা করে।
উদ্ধারকৃত আহত ব্যক্তিদের দ্রুত রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুণ্যার্থীদের মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে এবং নিহতদের সঠিক পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন