আগস্ট ২২, ২০২৬, ১২:১৬ পিএম
শিশুদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলা নিষ্পত্তি করতে যুক্তরাষ্ট্রের সরকারকে ৪০ কোটি ডলার দিতে রাজি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। শিশুদের গোপনীয়তা রক্ষার আইন লঙ্ঘনের ঘটনায় যুক্তরাষ্ট্রে এটি অন্যতম বড় আর্থিক সমঝোতার ঘটনা। মার্কিন বিচার বিভাগ এবং টিকটক কর্তৃপক্ষের মধ্যে দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।শিশুদের অনলাইন সুরক্ষা নিশ্চিত করতে এই জরিমানা প্রযুক্তি খাতে একটি বড় বার্তা।
মামলায় অভিযোগ করা হয়, টিকটক কর্তৃপক্ষ ১৩ বছরের কম বয়সি লাখ লাখ শিশুর কাছ থেকে তাদের অভিভাবকদের অনুমতি ছাড়াই বিপুল পরিমাণ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে। যুক্তরাষ্ট্রের ‘চিলড্রেনস প্রাইভেসি প্রটেকশন অ্যাক্ট’ অনুযায়ী, শিশুদের অনলাইন তথ্যের সুরক্ষা নিশ্চিত করা বাধ্যতামূলক। এই সমঝোতার শর্ত অনুযায়ী, টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স বিচার বিভাগকে অবিলম্বে ৩০ কোটি ডলার দেবে। অবশিষ্ট ১০ কোটি ডলার দেওয়া হবে একটি আইনি প্রক্রিয়া নিষ্পত্তির অংশ হিসেবে।
বিচার বিভাগ জানিয়েছে, মামলা দায়েরের পর টিকটকের মালিকানা কাঠামো এবং গোপনীয়তা নীতিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। তবে শুধু টিকটক নয়, একই আইনের আওতায় মেটার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য মামলা করেছে, যার বিচারকার্য বর্তমানে চলমান। প্রযুক্তির এই যুগে শিশুদের তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে মার্কিন প্রশাসনের একের পর এক আইনি পদক্ষেপের অংশ হিসেবে এই সমঝোতাকে দেখা হচ্ছে।
তথ্যসূত্র: বিবিসি

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন