সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১১:২২ এএম
ইউক্রেনে হামলার সময় একটি রাশিয়ার ড্রোন রোমানিয়ার আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘটনা নিশ্চিত করেছে। তারা জানায়, ড্রোনটিকে অনুসরণ করার জন্য দুটি এফ-১৬ এবং দুটি জার্মান ইউরোফাইটার যুদ্ধবিমান উড়ানো হয়। রাডারে ড্রোনটিকে সর্বশেষ চিলিয়া ভেচে গ্রামের কাছাকাছি দেখা যায়।
রোমানিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইয়োনুত মোস্টেনেউ বলেছেন, এফ-১৬ পাইলটরা ড্রোনটিকে ভূপাতিত করার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন, তবে সেটি আবার ইউক্রেন সীমান্তে ফিরে যায়। সীমান্ত এলাকায় কোনো সম্ভাব্য ধ্বংসাবশেষ আছে কিনা, তা খুঁজে দেখার জন্য একটি হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, রুশ ড্রোনটি রোমানিয়ার প্রায় ১০ কিলোমিটার ভেতরে প্রবেশ করে ৫০ মিনিট ধরে ন্যাটো আকাশসীমায় উড়েছে। তিনি এই ঘটনাকে রাশিয়ার যুদ্ধ সম্প্রসারণের অংশ বলে দাবি করেন।
সুইডেন এই আকাশসীমা লঙ্ঘনের নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনেরগার্ড বলেন, এটি ন্যাটো আকাশসীমায় আরেকটি অগ্রহণযোগ্য লঙ্ঘন।
এর আগে, গত সপ্তাহে পোল্যান্ড তাদের আকাশসীমায় প্রবেশ করা একটি রুশ ড্রোন ভূপাতিত করেছিল। এটি ছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় প্রথমবারের মতো কোনো ন্যাটো সদস্য রাষ্ট্রের গুলি চালানোর ঘটনা। এর পরপরই ন্যাটো ইউরোপের পূর্ব সীমান্তে প্রতিরক্ষা জোরদার করার ঘোষণা দেয়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই ঘটনাকে ‘অগ্রহণযোগ্য ও বিপজ্জনক’ বলে মন্তব্য করেছেন। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেন, এটি একটি ইচ্ছাকৃত হামলা ছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সব ন্যাটো দেশ একসঙ্গে পদক্ষেপ নিলে এবং রাশিয়ার তেল কেনা বন্ধ করলে তিনি মস্কোর ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন